জনপ্রিয় তারকা দম্পতি চিত্রনায়িকা মৌসুমী ও অভিনেতা ওমর সানীর দুই সন্তান ফারদীন এহসান স্বাধীন ও ফাইজা আবিহা মৌসুমী। বাবা-মায়ের পরিচয়ের বাইরে দুজনই নিজেদের পছন্দ ও যোগ্যতা অনুযায়ী ভবিষ্যৎ গড়ে তুলছেন। বর্তমানে দুজনই দেশের বাইরে অবস্থান করছেন।

গত ২৯ অক্টোবর ছিল দম্পতির ছোট মেয়ে ফাইজার জন্মদিন। বিশেষ এই দিনে যুক্তরাষ্ট্রে থাকা মেয়েকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন শুভেচ্ছাবার্তা দিয়েছেন মা মৌসুমী। মেয়েকে নিজের জীবনের সবচেয়ে সুন্দর উপহার, গর্ব ও পৃথিবী বলে উল্লেখ করেছেন তিনি। অন্যদিকে বাংলাদেশে থাকা বাবা ওমর সানী ভিডিও কলে মেয়ের সঙ্গে কথা বলে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

ফাইজা বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কসমেটোলজি বিষয়ে পড়াশোনা করছেন। বাংলাদেশে তাঁর ও লেভেল ও এ লেভেল সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে এই বিষয়কে কেন্দ্র করেই নিজের পেশাগত জীবন গড়ে তুলতে চান তিনি।

অন্যদিকে, দম্পতির বড় ছেলে ফারদীন এহসান স্বাধীন রয়েছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। পড়াশোনা শেষ করে তিনি দেশটির একটি প্রতিষ্ঠিত রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছেন। এর আগে পড়াশোনার পাশাপাশি নির্মাণ ও চলচ্চিত্র প্রযোজনার কাজেও সম্পৃক্ত ছিলেন তিনি। তবে দীর্ঘদিন ধরে এসব ব্যবসার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।

সন্তানদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ওমর সানী জানিয়েছেন, তাঁদের পেশা কিংবা জীবন নিয়ে কখনো কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেননি তিনি ও মৌসুমী। বরং দুজনকেই নিজেদের পছন্দ অনুযায়ী পড়াশোনা ও পেশা বেছে নেওয়ার স্বাধীনতা দিয়েছেন।

সন্তানদের নিয়ে এই তারকা দম্পতির প্রত্যাশা, দুজনই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হবেন এবং মানুষের উপকারে আসে এমন জীবন গড়ে তুলবেন। সেই লক্ষ্যেই দেশের বাইরে নিজেদের ভবিষ্যৎ গড়তে ব্যস্ত মৌসুমী ও ওমর সানীর দুই সন্তান।