যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের লং আইল্যান্ডের একটি ফার্মে হ্যালোইন উৎসবের আনন্দে মেতে উঠেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। চারপাশে সারি সারি কমলা রঙের কুমড়া আর হ্যালোইনের চিরচেনা আমেজে তাঁর এই ছুটির দিনের কাটানো মুহূর্তগুলো বেশ নজর কেড়েছে ভক্তদের।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে দেখা গেছে, কখনো মাথার ওপর কুমড়া রেখে পোজ দিয়েছেন স্পর্শিয়া, আবার কখনো স্নিগ্ধ লুকে গাড়ির পাশ থেকে হ্যালোইনের আবহ ফুটিয়ে তুলেছেন। শীতের উপযোগী সাদা জ্যাকেট ও সোয়েটার পরিহিত এই অভিনেত্রীর ক্যাপশনে লেখা ছিল ‘পাম্পকিন প্যাচ ডে’। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে শরৎকালে হ্যালোইন উপলক্ষে এমন কুমড়ার বাগানে ঘুরতে যাওয়ার প্রচলন রয়েছে, যা স্পর্শিয়ার পোস্টেও দারুণভাবে ফুটে উঠেছে।