যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিদের স্লোগান ও বিক্ষোভের মুখে পড়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। এর মধ্যেই ইউনূসকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট দিয়েছেন আলোচিত মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম।

মঙ্গলবার (১৩ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে ড. ইউনূসকে উদ্দেশ করে মেঘনা লেখেন, ‘ইউনূস কি অবস্থা? এক সৌদি বেটাকে খুশি করতে নিজ দেশের ইমেজ, ইজ্জত দুনিয়াতে ছোট করে, নিজ দেশের মহিলাকে নিয়ে মিথ্যা অপবাদ নাটক করে হেনস্তা করেছো। তোমার কপালে হেনস্তা হওয়া আরও লেখা আছে!’

মেঘনা আলম মৎস্যজীবী দলের নেত্রী। পোস্টে তিনি ইউনূসের শাসনামলে নিজের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনার প্রসঙ্গ টেনে আনেন। সেই অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতেই বিমানবন্দরে ইউনূসের বিক্ষোভের মুখে পড়ার ঘটনা নিয়ে মন্তব্য করেন তিনি।

এর আগে সোমবার (১২ অক্টোবর) নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরের আট নম্বর টার্মিনালে ড. মুহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান দেন কয়েকজন প্রবাসী বাংলাদেশি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে উদ্দেশ করে ‘ইউ আর টেরোরিস্ট’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’ ও ‘গো ব্যাক’সহ বিভিন্ন মন্তব্য করতে শোনা যায়। পরে নিরাপত্তাকর্মীরা তাকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেন।

বিমানবন্দরের এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ ইউনূসের প্রতি এমন আচরণের সমালোচনা করেছেন, আবার অনেকে বিক্ষোভকারীদের ক্ষোভের পেছনের কারণ নিয়ে আলোচনা করেছেন। এরই মধ্যে মেঘনা আলমের পোস্টটি নতুন করে আলোচনায় এসেছে।