নিজের সোশ্যাল মিডিয়া পোস্ট আর কৌতুকপূর্ণ বক্তব্য দিয়ে প্রায়ই খবরের শিরোনামে থাকেন ছোট পর্দার অভিনেতা ও জনপ্রিয় উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। তবে এবার সহধর্মিণী নুসরাত অনন্যার প্রাতিষ্ঠানিক সাফল্য উদযাপনের খবর ফেসবুকে প্রকাশ করতে গিয়ে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন তিনি। স্ত্রীর স্নাতকোত্তর অর্জনের খবরে অভিনন্দন জানাতে গিয়ে জয় যে ভাষায় ক্যাপশন লিখেছিলেন, তা নিয়ে উঠেছে নানা সমালোচনা।

ঘটনার সূত্রপাত স্ত্রীর মাস্টার্স ডিগ্রি অর্জনের খবর জানিয়ে দেওয়া পোস্টটি নিয়ে। সেখানে জয় লিখেছিলেন ‘আমার স্ত্রীকে অভিনন্দন। সে আজ মাস্টার্স ডিগ্রি অর্জন করেছে। বাকি জীবনে আমার দেখার খুব শখ এই ডিগ্রি দিয়ে সে আসলে কত রোজগার করতে পারে। যে ডিগ্রির সাথে রোজগারের সম্পর্ক নাই সেই ডিগ্রি আসলে কতটা গুরুত্বপূর্ণ?’ অভিনেতার এমন মন্তব্যে ক্ষুব্ধ হয়ে নেটিজেনরা প্রশ্ন তোলেন, শিক্ষার উদ্দেশ্য কি কেবলই অর্থ উপার্জন নাকি স্ত্রীর অর্জনকে ছোট করার মানসিকতা থেকে এমন পোস্ট করা হয়েছে?

বিতর্ক বাড়তেই সামাজিক মাধ্যমে এক দীর্ঘ বার্তা দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন জয়। জানান, বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানকে পরম ভালোবাসায় সামলে নিজের দায়িত্ব পালনের পাশাপাশি স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তাঁর স্ত্রী, যা সত্যিই এক অনন্য কৃতিত্ব। স্ত্রীর আগ্রহেই এই অর্জনের খবর পোস্ট করেছিলেন; তবে সোজা হিসাব না লিখে ক্যাপশনে খানিকটা কৌতুক ও ‘রস’ যোগ করতে চেয়েছিলেন। নেটিজেনদের উদ্দেশে ব্যঙ্গাত্মক সুরে জয় লেখেন ‘আপনারা আমার রসটা এত বেশি খেয়েছেন যে আপনাদের প্রায় ডায়াবেটিস হয়ে গেছে। আর এদিকে আপনারা রস খেয়ে আমি এবং আমার স্ত্রী দুজনে কিন্তু স্বাস্থ্য সচেতন সুগার ফ্রি চা খাচ্ছি।’ আঠারো বছরের বৈবাহিক জীবনের গভীর সম্পর্কের কথা উল্লেখ করে তিনি জানান, বিনামূল্যে স্ত্রীর এই কৃতিত্বের খবর ছড়িয়ে দেওয়ার জন্য তিনি সমালোচকদের ধন্যবাদই জানাতে চান।