অভিনয়ের মাধ্যমে চার দশক ধরে কোটি কোটি দর্শকের মন জয় করেছেন ভারতের বর্ষীয়ান অভিনেতা
বিভিন্ন সাক্ষাৎকারে রসিকতা করে নানা বলতেন, তিনি নাকি অভিনয়ের চেয়েও রান্নায় বেশি পারদর্শী! এক সঙ্গে প্রায় ২০০ মানুষের রান্না একা হাতে সামলানোর মতো অসাধারণ দক্ষতা ছিল তাঁর। শুটিং সেটেও ফাঁক পেলেই মেতে উঠতেন রাঁধুনির ভূমিকায়; তবে সহকর্মীদেরও ছাড়তেন না কাউকে দিয়ে সবজি কাটাতেন, আবার কাউকে দিয়ে ছাড়াতেন খোসা। খাসির পায়া, কিমা কলিজা ও মগজের মতো পদের পাশাপাশি রান্নার বিশেষ মশলাও নিজ হাতে বাড়িতে তৈরি করতেন তিনি।
চলচ্চিত্রের ব্যস্ততা না থাকলে পুনের সিংহগড় দুর্গের কাছে নিজের খামারবাড়িতে গিয়ে সবজি চাষ ও রান্নাবান্না নিয়ে সময় পার করতেন এই তারকা। বলিউডের অনেক তারকা ও সহকর্মী তাঁর হাতের রান্নার ভূয়সী প্রশংসা করেছেন বহুবার। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে ৭৫ বছর বয়সে এই গুণী অভিনেতার প্রয়াণের মাধ্যমে সেই প্রাণবন্ত ভালোবাসার অধ্যায়টিরও চিরসমাপ্তি ঘটল।