সাউথ ইন্ডিয়ান অভিনেতা ন্যানি অভিনীত বহুল প্রতীক্ষিত প্যান-ইন্ডিয়ান সিনেমা ‘দ্য প্যারাডাইস’ আগামী ২১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। ‘দসরা’খ্যাত পরিচালক শ্রীকান্ত ওদেলার নির্মাণে তৈরি হওয়া এই সিনেমাকে ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
প্রথমদিকে সিনেমাটির মুক্তির তারিখ ২৬ মার্চ নির্ধারণ করা হলেও পরবর্তীতে তা পরিবর্তন করে ২১ আগস্ট ঘোষণা করা হয়। প্রযোজনা প্রতিষ্ঠান এসএলভি সিনেমাস প্রকাশিত নতুন পোস্টারের মাধ্যমে মুক্তির এই তারিখ নিশ্চিত করেছে। ফলে চলতি বছরের অন্যতম আলোচিত সিনেমাগুলোর একটি হিসেবে ‘দ্য প্যারাডাইস’ দর্শকদের সামনে আসতে যাচ্ছে আগস্টেই।
সম্প্রতি সিনেমাটি নতুন করে আলোচনায় এসেছে বলিউড অভিনেতা ও নৃত্যশিল্পী রাঘব জুয়ালের ফার্স্ট লুক প্রকাশের পর। ‘বিক্রম মালিক’ নামের এক ভয়ংকর প্রতিপক্ষ চরিত্রে অভিনয় করছেন তিনি। গলায় ভারী সোনার অলংকার ও তীক্ষ্ণ, হিংস্র অভিব্যক্তিতে প্রকাশিত তার লুক ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
এক সাক্ষাৎকারে রাঘব জুয়াল বলেন, শ্রীকান্ত ওদেলার সঙ্গে কাজ করা তার জন্য দারুণ অভিজ্ঞতা। ‘দসরা’ সিনেমার মাধ্যমে পরিচালকের কাজের ধরন দর্শকরা দেখেছেন উল্লেখ করে তিনি বলেন, ‘দ্য প্যারাডাইস’ দর্শকদের জন্য বড় ধরনের চমক নিয়ে আসবে।
উল্লেখ্য, ২০২৩ সালের ব্লকবাস্টার ‘দসরা’র পর এটি ন্যানি ও শ্রীকান্ত ওদেলার দ্বিতীয় যৌথ প্রজেক্ট। নির্মাতাদের দাবি, এই সিনেমায় ন্যানিকে সম্পূর্ণ নতুন এক রূপে দেখা যাবে। অ্যাকশন, ড্রামা ও বাস্তবধর্মী গল্পনির্ভর ‘দ্য প্যারাডাইস’ মুক্তির আগেই দর্শকদের প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।