অভিনেত্রী হিসেবে দীর্ঘদিন ধরে দর্শকের প্রশংসা কুড়িয়ে আসছেন কাজী নওশাবা আহমেদ। অভিনয়ের পাশাপাশি বিশেষ শিশুদের নিয়ে গড়ে তোলা তার নাট্যদল ‘টুগেদার উই ক্যান’-এর কার্যক্রমও বেশ পরিচিত। এবার নতুন এক পরিচয়ে সামনে এলেন তিনি। প্রথমবারের মতো চলচ্চিত্র পরিচালনায় যুক্ত হয়েছেন নওশাবা।
তার নির্মিত প্রথম চলচ্চিত্রের নাম ‘সোমেশ্বরী’। ছবিটিতে শুধু পরিচালনাই নয়, অভিনয়ও করেছেন তিনি। জানা গেছে, সুনামগঞ্জের মধ্যনগর ও আশপাশের এলাকার প্রকৃতি, পরিবেশ এবং জীববৈচিত্র্যকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি।
ছবিটিতে নওশাবার পাশাপাশি অভিনয় করেছেন স্থানীয় এলাকার সাধারণ মানুষ। পরিচালনার দায়িত্বও তিনি একা পালন করেননি। নওশাবার সঙ্গে ছিলেন আপন, লতা, জাহিদসহ আরও কয়েকজন। প্রযোজক বিবেশ রায়ের ভাষ্য, এটি মূলত একটি দলগত উদ্যোগ। সবাই মিলে গল্পের কাঠামো তৈরি করেছেন, আবার পরিচালনার কাজও ভাগাভাগি করে করেছেন।
‘সোমেশ্বরী’ নিয়ে কথা বলতে গিয়ে নওশাবা জানান, শুরুতে তাদের কাছে নির্দিষ্ট কোনো চিত্রনাট্য ছিল না। এমনকি কে অভিনয় করবেন, সেটিও আগে থেকে ঠিক করা হয়নি। দলবদ্ধভাবে মধ্যনগরে গিয়ে সেখানকার মানুষ, পরিবেশ ও বাস্তবতাকে ঘিরেই ধীরে ধীরে গল্পের রূপ দেওয়া হয়েছে।
মূল চরিত্রে অভিনয়ের পরিকল্পনাও তার ছিল না। তবে উপযুক্ত কাউকে না পাওয়ায় শেষ পর্যন্ত নিজেকেই সেই দায়িত্ব নিতে হয়েছে।
নওশাবা বলেন, ‘চরিত্রটির জন্য প্রস্তুতি নেওয়ার যতটা সময় প্রয়োজন ছিল, আমি তা পাইনি। তারপরও নিজের সর্বোচ্চ চেষ্টা করেছি চরিত্রটির সঙ্গে মানিয়ে নিতে।’
ছবির গল্প সম্পর্কে বিস্তারিত বলতে না চাইলেও তিনি ইঙ্গিত দিয়েছেন, প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কই এর মূল উপজীব্য। তার ভাষায়, ‘প্রকৃতির সংস্পর্শে গিয়ে প্রকৃতির কথা বলা।’ অর্থাৎ প্রকৃতি, পরিবেশ ও জীবনের সৌন্দর্যই উঠে আসবে এই চলচ্চিত্রে।
বর্তমানে ‘সোমেশ্বরী’ রয়েছে সম্পাদনার পর্যায়ে। পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ হলে ছবিটির মুক্তির পরিকল্পনা চূড়ান্ত করা হবে। নওশাবা জানান, ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার লক্ষ্য থাকলেও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও পাঠানোর ইচ্ছা রয়েছে তাদের।
এদিকে ‘সোমেশ্বরী’র পাশাপাশি নওশাবার হাতে রয়েছে আরও তিনটি চলচ্চিত্র প্রকল্প। এর মধ্যে একটি পূর্ণদৈর্ঘ্য এবং দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বর্তমানে পোস্ট-প্রোডাকশনের বিভিন্ন ধাপে রয়েছে। পাশাপাশি নিজের প্রতিষ্ঠিত ‘টুগেদার উই ক্যান’ প্ল্যাটফর্ম নিয়েও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।