বলিউডে তারকাদের সঙ্গে পাপারাজ্জিদের সম্পর্ক নিয়ে বিতর্ক নতুন নয়। এর আগে সোনাক্ষী সিনহা ও জয়া বচ্চন প্রকাশ্যে এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। এবার একই ইস্যুতে ক্ষোভ ঝাড়লেন অভিনেত্রী নেহা ধুপিয়া।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি অনুষ্ঠানে উপস্থিত আলোকচিত্রীদের উদ্দেশে সরাসরি প্রশ্ন ছুড়ে দেন নেহা। দীর্ঘদিন ধরে নিজের অজান্তে কিংবা আপত্তি সত্ত্বেও পেছন দিক থেকে ছবি ও ভিডিও ধারণ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

ভিডিওতে নেহাকে বলতে শোনা যায়, ‘অসভ্যের মতো পেছন দিক থেকে ছবি-ভিডিও কেন তোলেন? বন্ধ করুন এগুলো।’

শুধু নিজের ক্ষেত্রেই নয়, সব শিল্পীর জন্যই এমন আচরণ অনুচিত বলে মন্তব্য করেন তিনি। নেহা বলেন, ‘শুধু আমার নয়, কারও ক্ষেত্রেই এটা করা উচিত নয়। বারবার বলতে বলতে আমরা ক্লান্ত। এসব আর চলবে না। আমরা আপনাদের সঙ্গে সম্মান রেখেই কথা বলি, আপনারাও সেই সম্মান বজায় রাখুন।’

অভিনেত্রীর এই বক্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকের মতে, কারও আপত্তি থাকা সত্ত্বেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্দিষ্ট ভঙ্গিতে ছবি বা ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়া ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন। বিশেষ করে নারী তারকারাই এ ধরনের ঘটনার বেশি শিকার হন।

আবার অনেকে অভিযোগ করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি ভিউ ও ভাইরাল হওয়ার লক্ষ্যেই এমন ভিডিও ধারণ করা হয়, যা শিল্পীদের জন্য অস্বস্তিকর ও অসম্মানজনক।

তবে এ বিষয়ে ভিন্ন মতও রয়েছে। একাংশের দাবি, জনসমক্ষে তারকাদের ছবি বা ভিডিও ধারণ করা সংবাদকর্মী ও আলোকচিত্রীদের পেশাগত দায়িত্বের অংশ। ফলে সংবাদ সংগ্রহের সীমা কোথায় শেষ হবে এবং ব্যক্তিগত গোপনীয়তার সীমা কোথা থেকে শুরু হবে, সেই প্রশ্নও নতুন করে আলোচনায় এসেছে।

নেহা ধুপিয়াই প্রথম নন, এর আগেও জাহ্নবী কাপুর, রশ্মি দেশাই, শানায়া কাপুর ও আয়েশা খানসহ একাধিক অভিনেত্রী অভিযোগ করেছিলেন, তাদের পেছন দিক থেকে গোপনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। তারা সবাই এ ধরনের আচরণকে অস্বস্তিকর, অসম্মানজনক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছিলেন।

বিনোদন অঙ্গনের পর্যবেক্ষকদের মতে, ডিজিটাল যুগে পাপারাজ্জি সংস্কৃতি আগের তুলনায় অনেক বেশি প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে। কয়েক সেকেন্ডের একটি ভিডিও বা ভাইরাল ক্লিপ লাখো মানুষের কাছে পৌঁছে যাওয়ার সুযোগ তৈরি হওয়ায় অনেক সময় পেশাগত নৈতিকতার সীমারেখা ঝাপসা হয়ে যাচ্ছে। আর সেই কারণেই তারকাদের ব্যক্তিগত পরিসর, সম্মতি ও মর্যাদা নিয়ে বিতর্ক বারবার সামনে আসছে।