বলিউড তারকা, নৃত্যশিল্পী ও গায়িকা নোরা ফাতেহি এবার ফিফা বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে গ্যালারি মাতাচ্ছেন। আর এই বিশাল আয়োজনকে ঘিরে তাঁর বার্তা একটাই উৎসব, ঐক্য ও প্রতিনিধিত্ব। কানাডার টরন্টোতে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি পরিবেশন করেন অফিশিয়াল ফিফা গান ‘সির সির’। মরক্কোর জনপ্রিয় ফুটবল স্লোগান থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি এ গানের অর্থ, ‘চলো, এগিয়ে যাও’। নোরার আশা, বিশ্বকাপের বিভিন্ন দেশের সমর্থকদের জন্য এটি এক বৈশ্বিক স্লোগানে পরিণত হবে।

বিবিসি নিউজবিটকে দেওয়া সাক্ষাৎকারে নোরা বলেন, এটাই সেই সময়, যখন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা দেশগুলো নিজেদের প্রতিভা নিয়ে কেন্দ্রবিন্দুতে আসে। ফুটবল ও সংগীত সব সময়ই একসঙ্গে চলে। তিনি এই মঞ্চকে ব্যবহার করতে চেয়েছিলেন প্রতিনিধিত্ব, বহু সাংস্কৃতিক শিল্পচর্চা এবং নিজের গল্প বলার জন্য।

টরন্টো থেকে বলিউড, তারপর বিশ্বমঞ্চ

কানাডার টরন্টোতে জন্ম নেওয়া মরক্কান বংশোদ্ভূত নোরা ফাতেহি ২২ বছর বয়সে ভারত যান অভিনয় ও নাচের ক্যারিয়ার গড়তে। শুরুটা মোটেও সহজ ছিল না। ভাষা, সংস্কৃতি ও তীব্র প্রতিযোগিতার সঙ্গে লড়াই করে ধীরে ধীরে বলিউডে নিজের শক্ত জায়গা তৈরি করেন তিনি। ‘দিলবার’, ‘ও সাকি সাকি’, ‘নাচ মেরি রানি’ কিংবা ‘মানিকে’ একের পর এক জনপ্রিয় গানের মাধ্যমে নোরা ভারতের অন্যতম আলোচিত পারফরমার হয়ে ওঠেন।

বিশ্বকাপের মতো বিশাল আয়োজনে নিজের জন্মশহরে পারফর্ম করতে যাওয়াকে নোরা বর্ণনা করেছেন একটি ‘অবাস্তব’ অভিজ্ঞতা হিসেবে। তাঁর মতে, এটি একটি অনুপ্রেরণার গল্প, এমন একজন মানুষের গল্প, যে স্বপ্ন দেখার সাহস করেছিল। তিনি চান মানুষ তাঁর এই যাত্রা দেখে অনুপ্রাণিত হোক এবং নিজের স্বপ্ন পূরণে সাহসী হয়ে উঠুক।

‘সির সির’: মরক্কোর গ্যালারি থেকে বিশ্বমঞ্চে

‘সির সির’ গানটি যৌথভাবে তৈরি করেছেন ফরাসি-আইভরিয়ান সংগীতশিল্পী ভেজেড্রিম ও বাংলাদেশি-আমেরিকান সংগীত প্রযোজক সঞ্জয় দেব। গানটিতে মরক্কোর দারিজা ভাষা, আরবি, ফরাসি ও ইংরেজির মিশ্রণ রয়েছে। নোরার মতে, এই বহুভাষিক বিন্যাসই বিশ্বকাপের প্রকৃত চেতনাকে তুলে ধরে।

গানের ভিডিও ধারণ করা হয়েছে মরক্কোর রাস্তায়। সেখানে দেখানো হয়েছে, কীভাবে পাড়ার মাঠে ফুটবল খেলা ছোট্ট শিশুরা একসময় বিশ্বমঞ্চে পৌঁছে যায়। ফুটবলের এই যে একটা দীর্ঘ যাত্রা আছে, যেমনটা একজন শিল্পীর থাকে, তেমনটাই এই গানের সঙ্গে যুক্ত প্রত্যেক শিল্পীরও রয়েছে বলে মন্তব্য করেন নোরা ফাতেহি।