অস্ট্রেলিয়ান রক ব্যান্ডের কিংবদন্তি তারকা এবং বিখ্যাত টিভি সিরিজ ‘নেবারস’-এর আলোচিত গান ‘সাডেনলি’-র গায়ক অ্যাংরি অ্যান্ডারসন মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। বিখ্যাত রক ব্যান্ড ‘রোজ ট্যাটু’-র এই ফ্রন্টম্যানের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তাঁর পরিবার এবং ব্যান্ড সদস্যরা।
প্রকৃত নাম গ্যাঁরি অ্যান্ডারসন হলেও তিনি সংগীতাঙ্গনে ‘অ্যাংরি অ্যান্ডারসন’ নামেই সমধিক পরিচিত ছিলেন। ১৯৮৮ সালে জনপ্রিয় অস্ট্রেলিয়ান ধারাবাহিক ‘নেবারস’-এ কাইলি মিনোগ ও জেসন ডনোভানের চরিত্রের বিয়ের দৃশ্যে তাঁর একক গান ‘সাডেনলি’ ব্যবহৃত হয়। কেবল যুক্তরাজ্যেই সেই পর্বটি প্রায় ২ কোটি দর্শক উপভোগ করেছিলেন, যার মাধ্যমে আন্তর্জাতিকভাবে বিশাল জনপ্রিয়তা পান অ্যান্ডারসন। অ্যান্ডারসন নিজেও এই গানটিকে তাঁর জীবনের সেরা সৃষ্টি হিসেবে আখ্যায়িত করেছিলেন।
গত মাসে ইউরোপে রোজ ট্যাটুর বিদায়ী কনসার্ট ট্যুরে থাকাকালীন কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হন অ্যান্ডারসন। এরপর তাঁকে হাসপাতালে চিকিৎসা দিয়ে অস্ট্রেলিয়ায় ফিরিয়ে আনা হয় এবং ব্যান্ডের বাকি শো বাতিল করা হয়। এক যৌথ বিবৃতিতে তাঁর পরিবার ও ব্যান্ড সদস্যরা তাঁকে একজন "পারিবারিক মানুষ ও দারুণ সহশিল্পী" হিসেবে স্মরণ করে সংগীতবিশ্বের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ১৯৯৩ সালে কমিউনিটি সেবা ও চ্যারিটি কাজের জন্য তাঁকে 'মেম্বার অব দ্য অর্ডার অব অস্ট্রেলিয়া' সম্মানে ভূষিত করা হয়েছিল।