সংগীতের ইতিহাসে বিরল এক রেকর্ড গড়েছেন মার্কিন গায়িকা এলা ল্যাংলি। তাঁর জনপ্রিয় গান ‘চুজিন’ টেক্সাস’ বিলবোর্ড হট ১০০-এর শীর্ষে টানা ২৩ সপ্তাহ অবস্থান করে ভেঙে দিয়েছে মারায়া কেরির দীর্ঘদিনের রেকর্ড।

এর আগে ‘অল আই ওয়ান্ট ফর ক্রিসমাস ইজ ইউ’ গান দিয়ে এই রেকর্ডের মালিক ছিলেন মারায়া কেরি। ১৯৯৪ সালে প্রকাশিত গানটি মোট ২২ সপ্তাহ বিলবোর্ড হট ১০০-এর শীর্ষে ছিল। গত সপ্তাহে কেরির রেকর্ড স্পর্শ করে যৌথভাবে শীর্ষে ছিল ‘চুজিন’ টেক্সাস’। এবার ২৩তম সপ্তাহে এককভাবে সেই রেকর্ডের মালিক হলো এলা ল্যাংলির গান।

তবে রেকর্ডটি কত দিন ল্যাংলির দখলে থাকবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ বড়দিনের মৌসুম এলেই প্রতিবছর বিলবোর্ডের শীর্ষে ফিরে আসে মারায়া কেরির ‘অল আই ওয়ান্ট ফর ক্রিসমাস ইজ ইউ’। ফলে বছরের শেষ দিকে গানটি আবার এক নম্বরে উঠলে কেরির সামনে রেকর্ড পুনরুদ্ধারের সুযোগ তৈরি হতে পারে।

অবশ্য তার আগেই ল্যাংলির গান আরও কয়েক সপ্তাহ শীর্ষে থাকলে দুই গানের ব্যবধান আরও বাড়বে।

‘চুজিন’ টেক্সাস’-এর সাফল্যের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, গানটি বিলবোর্ড হট ১০০-তে ৪৮ সপ্তাহ ধরে অবস্থান করছে। এর মধ্যে প্রায় অর্ধেক সময়ই গানটি ছিল শীর্ষে।

দীর্ঘ সময় চার্টের শীর্ষে থাকার পরও গানটির জনপ্রিয়তায় বড় ধরনের ভাটা দেখা যায়নি। চলতি সপ্তাহে গানটির অফিশিয়াল স্ট্রিমিং ২ কোটি ১৮ লাখে নেমেছে, যা আগের সপ্তাহের তুলনায় ৯ শতাংশ কম। তবে রেডিওতে শ্রোতা বেড়েছে। রেডিও এয়ারপ্লেতে গানটি পেয়েছে ৫ কোটি ৮৩ লাখ শ্রোতা, যা আগের সপ্তাহের তুলনায় ২ শতাংশ বেশি।

বিলবোর্ডের স্ট্রিমিং সং ও ডিজিটাল সং, দুই তালিকাতেই গানটি এখনো শীর্ষে রয়েছে।

এলা ল্যাংলির সাফল্য শুধু একটি গানেই সীমাবদ্ধ নয়। তাঁর অ্যালবাম ‘ড্যান্ডেলিয়ন’ও বিলবোর্ডে ভালো অবস্থানে রয়েছে। গত সপ্তাহে অ্যালবামটি বিলবোর্ড ২০০-এর শীর্ষে ফিরলেও চলতি সপ্তাহে জেনি আইকোর ‘ওয়েস্টসাইড উইমজি’ প্রকাশের পর এটি নেমে গেছে দ্বিতীয় স্থানে।

হট ১০০-এর শীর্ষ দশেও রয়েছে ল্যাংলির দুটি গান। ‘চুজিন’ টেক্সাস’ এক নম্বরে থাকার পাশাপাশি তাঁর আরেক গান ‘বি হার’ রয়েছে দশ নম্বরে।

চলতি সপ্তাহের বিলবোর্ড হট ১০০-এর শীর্ষ তিনটি স্থানই দখল করেছে কান্ট্রি ঘরানার গান। এক নম্বরে এলা ল্যাংলির ‘চুজিন’ টেক্সাস’, দুইয়ে স্টেলা লেফটির ‘বস্টন’ এবং তিনে মরগ্যান ওয়ালেনের ‘বিন বাই নাউ’।

স্টেলা লেফটির ‘বস্টন’ও এ সপ্তাহে কান্ট্রি এয়ারপ্লে তালিকায় প্রথমবারের মতো শীর্ষস্থান দখল করেছে।

হট ১০০-এর শীর্ষ দশের বাকি গানগুলোর মধ্যে চার নম্বরে রয়েছে আরিয়ানা গ্রান্ডের ‘হেট দ্যাট আই মেড ইউ লাভ মি’, পাঁচে টেম ইমপালা ও জেনির ‘ড্রাকুলা’ এবং ছয়ে টেলর সুইফটের ‘আই নিউ ইট, আই নিউ ইউ’। সাত নম্বরে রয়েছে কারোল জির ‘বিবি ওয়াও’। আট ও নয় নম্বরে আছে অলিভিয়া ডিনের ‘সো ইজি (টু ফল ইন লাভ)’ ও ‘ম্যান আই নিড’।

চার্টের রেকর্ডের পাশাপাশি সামনে ব্যস্ত পুরস্কারের মৌসুমও অপেক্ষা করছে এলা ল্যাংলির জন্য। ১৬ নভেম্বর ঘোষণা করা হবে গ্র্যামি অ্যাওয়ার্ডের মনোনয়ন। সেখানে ল্যাংলির একাধিক মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে কান্ট্রি মিউজিক অ্যাসোসিয়েশন বা সিএমএ অ্যাওয়ার্ডস। এবারের আয়োজনে সবচেয়ে বেশি, ৯টি মনোনয়ন পেয়েছেন ল্যাংলি। ফলে বিলবোর্ডের রেকর্ডের পর পুরস্কারের মঞ্চেও তাঁর পারফরম্যান্সের দিকে নজর থাকবে সংগীতপ্রেমীদের।