দেশের গ্ল্যামার জগতের পরিচিত মুখ পিয়া জান্নাতুল বাবার প্রথম মৃত্যুবার্ষিকীতে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। একই দিনে আরও দুটি মৃত্যুসংবাদ তাকে গভীরভাবে মর্মাহত করেছে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (২৩ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে পিয়া লিখেছেন, ‘আজ ২৩ জুন, আমার আব্বুর প্রথম মৃত্যুবার্ষিকী। এক বছর হয়ে গেল। আজ তার কবরের সামনে দাঁড়িয়ে শুধু মনে হচ্ছিল, মানুষ আসলে কত অল্প সময়ের জন্য আসে এই পৃথিবীতে। এর মধ্যেই আজ আরও দুটি মৃত্যুসংবাদ মনটা ভারী করে দিল।’

তরুণ নারী উদ্যোক্তা এবং ফ্যাশন ব্র্যান্ড ‘পাখি’র প্রতিষ্ঠাতা প্রিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে পিয়া বলেন, ‘মাত্র কয়েক মাস আগে কাজের বিষয়ে তার সঙ্গে কথা হয়েছিল। বাংলাদেশকে নিয়ে তার স্বপ্ন, পরিকল্পনা এবং দৃষ্টিভঙ্গি আমাকে মুগ্ধ করেছিল। মাত্র ৩২ বছর বয়সে তার চলে যাওয়ার খবর বিশ্বাস করা কঠিন।’

একই পোস্টে তিনি কোরিওগ্রাফার জাকির হোসেনের মৃত্যুর কথাও উল্লেখ করেন। পিয়ার ভাষ্য, ‘জাকির ভাই আমার একটি চলচ্চিত্রে কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছিলেন। তিনিও আর আমাদের মাঝে নেই। বয়স হয়েছিল মাত্র ৫০ বছর।’

জীবনের অনিত্যতা নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে পিয়া লেখেন, ‘দিন শেষে একটা কথাই বারবার মনে হয়, মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য। তাই যতদিন বেঁচে আছি, সুস্থ থাকার চেষ্টা করি, কারও কষ্টের কারণ না হই এবং ভালো মানুষ হওয়ার চেষ্টা করি।’

মানুষের প্রকৃত পরিচয় তার আচরণ ও মানবিকতায় প্রকাশ পায় উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা চলে যাওয়ার পর মানুষ আমাদের সম্পদ বা সাফল্যের চেয়ে বেশি মনে রাখে আমাদের ব্যবহার এবং মানবিকতাকে।’

পোস্টের শেষে প্রয়াত বাবার জন্য সবার কাছে দোয়া চেয়ে পিয়া লিখেছেন, ‘আমার আব্বুর জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আমিন।’