আদালতে আত্মসমর্পণ করে জামিন পাওয়ার পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর চটেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। সাংবাদিকদের ভিড় ও ক্যামেরার ফ্ল্যাশে বিরক্তি প্রকাশ করার পাশাপাশি এক সংবাদকর্মীকে খামচি দেওয়া, ফোন কেড়ে নেওয়া এবং ট্রাইপড ভেঙে ফেলার গুরুতর অভিযোগ উঠেছে এই তারকার বিরুদ্ধে।

বৃহস্পতিবার সকালে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় জামিন নিতে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন পরীমনি। আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে তার দেহরক্ষীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে এক সাংবাদিককে টেনে নিয়ে অকথ্য ভাষায় গালি ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। শুধু তাই নয়, এই হট্টগোলের মাঝে ধাক্কাধাক্কিতে সুজন চন্দ্র মনি দাস নামের এক সাধারণ বিচারপ্রার্থীর মাথা ফেটে রক্ত ঝরার মতো অপ্রীতিকর ঘটনাও ঘটে।