ব্যক্তিগত জীবন, আইনি লড়াই, গ্রেপ্তার এবং ভবিষ্যতে বিয়ে করা নিয়ে খোলামেলা কথা বলেছেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমণি। সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দীর্ঘদিন নীরব ছিলেন, কারণ তাঁর বিশ্বাস ছিল সত্য একদিন না একদিন প্রকাশ পাবেই।

পরীমণি বলেন, ‘আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই। মানুষ আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না। তারা আমাকে শুধু সন্তানদের সঙ্গে দেখতে চায়। কেন এমনটা হয়, আমি জানি না।’ তিনি আরও বলেন, গত কয়েক বছরে ধৈর্যই তাঁকে সবচেয়ে বেশি শক্তি জুগিয়েছে।

নিজের গ্রেপ্তারের প্রসঙ্গ টেনে অভিনেত্রী দাবি করেন, সে সময় আইনগত প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়নি। তাঁর ভাষ্য, গ্রেপ্তারের সময় কোনো ওয়ারেন্ট ছিল না এবং বাসায় তল্লাশির অনুমতিও দেখানো হয়নি। পরে পুরো ঘটনার বিবরণ জেনে তাঁর কাছে অনেক কিছুই পরিকল্পিত বলে মনে হয়েছে। তবে শুরু থেকেই তিনি আইনের ওপর আস্থা রেখেছেন এবং আদালতের রায়ের অপেক্ষায় রয়েছেন।

দেশে শিল্পীদের নিরাপত্তা নিয়েও কথা বলেন পরীমণি। তাঁর মতে, শুধু শিল্পী নয়, বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তিনি বলেন, ‘শিল্পী, রিকশাচালক বা অন্য যে-ই হোক, সবাই নিরাপদে বাঁচতে চায়। আমরাও হেনস্তামুক্ত একটি সমাজ চাই।’