কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা বিকৃত ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় আইনি সুরক্ষা চেয়ে মুম্বাই হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা

অভিযোগ অনুযায়ী, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তার নামে একাধিক ভুয়া বা ‘ডিপফেক’ ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। এসব কনটেন্ট তার সম্মতি ছাড়া তৈরি ও প্রচার করা হচ্ছে, যা তার ব্যক্তিগত মর্যাদা এবং জনসম্মুখে প্রতিষ্ঠিত ভাবমূর্তির জন্য ক্ষতিকর বলে দাবি করেছেন অভিনেত্রী।

আদালতে দাখিল করা আবেদনে প্রীতি জিনতা উল্লেখ করেন, এআই প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে তৈরি এসব ভুয়া ছবি ও ভিডিও তার ব্যক্তিগত গোপনীয়তার অধিকার ক্ষুণ্ন করছে। পাশাপাশি এটি কপিরাইট আইন ও তার নৈতিক অধিকার লঙ্ঘন করছে বলেও দাবি করেন তিনি।

মামলাটি আমলে নিয়েছেন বিচারপতি অভয় আহুজা। আদালত প্রীতিকে তার ব্যক্তিগত অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন।

সাম্প্রতিক সময়ে ডিপফেক প্রযুক্তির অপব্যবহার বিশ্বজুড়েই উদ্বেগের কারণ হয়ে উঠেছে। বিশেষ করে জনপ্রিয় ব্যক্তিদের ছবি, কণ্ঠস্বর ও ভিডিও ব্যবহার করে ভুয়া কনটেন্ট তৈরি করার ঘটনা বেড়েছে। এর ফলে ব্যক্তিগত গোপনীয়তা, সুনাম এবং ডিজিটাল নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

বলিউডেও এ ধরনের ঘটনার বিরুদ্ধে আইনি পদক্ষেপের নজির রয়েছে। এর আগে অমিতাভ বচ্চন এবং ঐশ্বরিয়া রাই বচ্চনসহ বেশ কয়েকজন তারকা তাদের নাম, ছবি ও কণ্ঠস্বর অনুমতি ছাড়া ব্যবহারের বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হয়েছেন।

বর্তমানে প্রীতি জিনতা তার নতুন চলচ্চিত্র ‘বাটোয়ারা ১৯৪৭’-এর প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তবে ব্যক্তিগত নিরাপত্তা, মর্যাদা এবং ডিজিটাল পরিচয় রক্ষার প্রশ্নে তিনি ডিপফেক প্রযুক্তির অপব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন।