বলিউডের শীর্ষ অবস্থান ছেড়ে প্রিয়াঙ্কা চোপড়ার যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর সিদ্ধান্তটি সহজ ছিল না। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় অনেকটা বাধ্য হয়েই তিনি বিদেশের মাটিতে নতুন করে লড়াই শুরু করেন। ৩০ বছর বয়সে, যখন অনেক অভিনেত্রীর ক্যারিয়ার স্থবির হয়ে পড়ে, তখন প্রিয়াঙ্কা মিউজিক ইন্ডাস্ট্রি এবং পরবর্তীতে জনপ্রিয় টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র মাধ্যমে বিশ্বজুড়ে নিজের শক্তিশালী অবস্থান তৈরি করেন। বর্তমানে তিনি হলিউডের প্রথম সারির একজন সফল অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত।

ব্যক্তিগত জীবনে ২০১৮ সালে মার্কিন পপ তারকা নিক জোনাসকে বিয়ে করে প্রিয়াঙ্কা এখন স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তবে নিজের শিকড় অর্থাৎ ভারতীয় চলচ্চিত্র থেকে তিনি পুরোপুরি বিচ্ছিন্ন হননি। ২০১৯ সালে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ সিনেমায় শেষবার দেখা গেলেও দীর্ঘ বিরতির পর আবারও ভারতীয় প্রজেক্টে ফিরছেন এই গ্লোবাল আইকন। শোনা যাচ্ছে, ‘বারাণসী’ নামের একটি বড় বাজেটের সিনেমার মাধ্যমে তিনি আবারও ভারতীয় দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন, যা নিয়ে ইতোমধ্যেই ভক্তদের মাঝে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে।