বলিউডের পরিচিত মুখ রাঘব জুয়াল এবং জনপ্রিয় ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী নীহারিকার একটি সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টকে কেন্দ্র করে বিনোদনপাড়ায় নতুন গুঞ্জন শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের কিছু ঘনিষ্ঠ ছবি প্রকাশের পর থেকে অনুরাগী ও নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে তাঁরা কি সত্যিই প্রেম করছেন, নাকি এটি তাঁদের আসন্ন কোনো সিনেমার প্রচারণার নতুন কৌশল?

গত সোমবার রাঘব ও নীহারিকা তাঁদের নিজ নিজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একই ধরনের কয়েকটি ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায়, লাল সোয়েটশার্ট পরা নীহারিকাকে পেছন থেকে জড়িয়ে ধরে আছেন রাঘব এবং দুজনেই হাসিমুখে ক্যামেরায় পোজ দিয়েছেন। পোস্টটির ক্যাপশনে কোনো লেখা না থাকলেও একটি লাল হৃদয় (হার্ট) ও তারার ইমোজি জুড়ে দেওয়া হয়েছে।

এই পোস্টটি শেয়ার হওয়ার পরপরই তা নেটিজেনদের নজর কাড়ে। রাফতার, শেহনাজ গিলসহ বলিউডের বেশ কয়েকজন পরিচিত তারকা এই পোস্টে ভালোবাসার ইমোজি দিয়ে মন্তব্য করেছেন। অনেক অনুরাগী তাঁদের জুটিকে চমৎকার আখ্যা দিয়ে শুভকামনা জানিয়েছেন, আবার কেউ কেউ একে স্রেফ সিনেমার প্রচারণার অংশ হিসেবেই ধরে নিচ্ছেন।

বাস্তবে রাঘব ও নীহারিকাকে খুব শিগগির বিবেক বি আগারওয়াল পরিচালিত ‘ভাই তেরা স্টার হ্যায়’ সিনেমায় একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। এই ছবিতে আরও অভিনয় করেছেন সঞ্জয় কাপুর, নিকি ওয়ালিয়া, বিবান ভাটেনা ও বরকা সিং। ধারণা করা হচ্ছে, সিনেমার মুক্তির আগে দর্শকদের মাঝে আগ্রহ তৈরি করতেই এমন কৌশলী পোস্ট দেওয়া হয়েছে। তবে ছবিগুলো তাঁদের ব্যক্তিগত সম্পর্কের বহিঃপ্রকাশ নাকি পেশাদার প্রচারণার অংশ তা নিয়ে রাঘব বা নীহারিকা এখনো মুখ খোলেননি।

নৃত্যশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও রাঘব জুয়াল বর্তমানে অভিনয়ে বেশ নজর কেড়েছেন, বিশেষ করে ‘কিল’ সিনেমায় তাঁর খলচরিত্রটি ব্যাপক প্রশংসিত হয়। অন্যদিকে নীহারিকা ভারতের অন্যতম জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, যার গত বছর ‘পেরুসু’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে।