অভিনেতা রাঘব জুয়াল ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর-অভিনেত্রী নীহারিকার একটি ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দুজনের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে জোর গুঞ্জন উঠেছে, তারা কি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন, নাকি এটি তাদের নতুন সিনেমার প্রচারণার কৌশল।
গত সোমবার রাঘব ও নীহারিকা নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একই ধরনের কয়েকটি ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায়, লাল সোয়েটশার্ট পরা নীহারিকাকে পেছন থেকে জড়িয়ে ধরেছেন রাঘব। দুজনই হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন। পোস্টের ক্যাপশনে ছিল শুধু একটি লাল হৃদয় এবং একটি তারার ইমোজি।
ছবি প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা জল্পনা। একদল মনে করছেন, দুজন হয়তো নিজেদের সম্পর্ক প্রকাশ্যে এনেছেন। অন্যদিকে অনেকের ধারণা, এটি তাদের আসন্ন সিনেমার প্রচারণার অংশ, যার মাধ্যমে দর্শকদের আগ্রহ তৈরি করার চেষ্টা করা হচ্ছে।
পোস্টটিতে বলিউডের বেশ কয়েকজন পরিচিত তারকাও মন্তব্য করেছেন। রাফতার, শেহনাজ গিলসহ অনেকেই ভালোবাসার ইমোজি দিয়ে শুভকামনা জানিয়েছেন। ভক্তদের মন্তব্যেও ছিল উচ্ছ্বাস। কেউ লিখেছেন, ‘তোমাদের একসঙ্গে দারুণ লাগছে’, আবার কেউ মন্তব্য করেছেন, ‘আশা করি, এটা শুধু সিনেমার প্রচারণা নয়।’
রাঘব জুয়াল ও নীহারিকাকে শিগগিরই ‘ভাই তেরা স্টার হ্যায়’ সিনেমায় একসঙ্গে দেখা যাবে। ছবিটি পরিচালনা করছেন বিবেক বি আগারওয়াল। এতে আরও অভিনয় করেছেন সঞ্জয় কাপুর, নিকি ওয়ালিয়া, বিবান ভাটেনা ও বরখা সিংসহ অনেকে। তাই অনেকের ধারণা, সিনেমাটির প্রচারণা শুরু করতেই এই পোস্ট দেওয়া হয়েছে।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত রাঘব বা নীহারিকা কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। ফলে ছবিগুলো ব্যক্তিগত মুহূর্তের, নাকি প্রচারণার অংশ, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে অভিনেত্রী শেহনাজ গিলের সঙ্গে রাঘব জুয়ালের সম্পর্ক নিয়েও গুঞ্জন ছড়িয়েছিল। তবে সে সময়ও দুজনের কেউই বিষয়টি স্বীকার করেননি।
নৃত্যশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করা রাঘব জুয়াল বর্তমানে অভিনয়েও নিজের অবস্থান শক্ত করেছেন। বিশেষ করে ‘কিল’ সিনেমায় তার খলচরিত্রের অভিনয় প্রশংসিত হয়। সামনে তাকে দক্ষিণি তারকা নানির সঙ্গে ‘দ্য প্যারাডাইজ’ সিনেমায় দেখা যাবে।
অন্যদিকে নীহারিকা ভারতের জনপ্রিয় ডিজিটাল কনটেন্ট নির্মাতাদের একজন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার হাস্যরসাত্মক ভিডিও ব্যাপক জনপ্রিয়। গত বছর ‘পেরুসু’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার।