ওড়িশার তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যু এখন স্রেফ দুর্ঘটনার গণ্ডি পেরিয়ে আইনি লড়াইয়ের দিকে মোড় নিয়েছে। ইউনিটের সদস্যদের দেওয়া বয়ানের সঙ্গে পুলিশের হাতে আসা ভিডিও ফুটেজের অসংগতি নিয়ে যখন তোলপাড় চলছে, ঠিক তখনই গর্জে উঠল অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA)। সংগঠনটির দাবি, এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়, বরং প্রযোজনা সংস্থার চূড়ান্ত গাফিলতির কারণে হওয়া একটি ‘খুন’।
অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক বিবৃতিতে জানানো হয়েছে, খরচ কমাতে গিয়ে প্রযোজনা সংস্থা ও চ্যানেল কর্তৃপক্ষ প্রায়শই শিল্পীদের নিরাপত্তা নিয়ে আপস করে থাকে। রাহুলের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবির পাশাপাশি সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থা ও চ্যানেলকে অবিলম্বে কালো তালিকাভুক্ত (Blacklist) করার দাবি তুলেছে সংগঠনটি। তাদের মতে, উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা ও লাইফ-গার্ড ছাড়াই উত্তাল সমুদ্রে শুটিং করতে বাধ্য করা হয়েছিল অভিনেতাদের, যার পরিণতি এই সলিল সমাধি।
ঘটনার গুরুত্ব বিবেচনা করে পশ্চিমবঙ্গ ও ওড়িশার মুখ্যমন্ত্রীর কাছেও পূর্ণাঙ্গ তদন্তের আবেদন জানিয়েছে AICWA। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, প্রতি বছর ভারতে এ ধরনের অসংখ্য দুর্ঘটনা ঘটলেও তা ধামাচাপা দেওয়া হয়। রাহুল বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে যেন তেমনটি না ঘটে, সে জন্য দোষীদের বিরুদ্ধে ৩০২ ধারায় (খুন) মামলা করারও জোর দাবি জানানো হয়েছে। টলিউডের এই নক্ষত্র পতনের দায় নিয়ে এখন কাঠগড়ায় ‘ভোলে বাবা পার করেগা’র পুরো টিম।