বলিউড অভিনেতা রাজপাল যাদবের দাবি, আইনি ও আর্থিক সংকটের মধ্যেও তার জনপ্রিয়তায় কোনো ভাটা পড়েনি। চেক বাউন্স মামলায় কারাভোগের পর এক সাক্ষাৎকারে তিনি বলেন, সংকটকালীন পরিস্থিতি তার দীর্ঘ ক্যারিয়ারের সুনাম নষ্ট করতে পারেনি।
এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে রাজপাল জানান, দীর্ঘ অভিনয়জীবনে তিনি শিল্পের প্রতি নিজেকে নিবেদিত রেখেছেন। তার দাবি, সংকটে থাকলেও বিমানবন্দরে গেলে এখনো প্রায় ৫০০ মানুষ তার সঙ্গে সেলফি তুলতে আসেন। অর্থ বা সম্পদের বিনিময়ে তাকে কেনা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
রাজপাল বলেন, কয়েক দশকের ক্যারিয়ারে অনেক মানুষের কাছে তিনি ঋণী। সেই পাওনা পরিশোধের দায়িত্বও তিনি স্বীকার করেন। তবে আর্থিক সংকটের কারণে একজন শিল্পীর পুরো ক্যারিয়ার বা অবদানকে মূল্যায়ন করা উচিত নয় বলে মনে করেন তিনি।
সম্প্রতি আর্থিক বিরোধের জেরে মুরলি প্রজেক্টস প্রাইভেট লিমিটেডের দায়ের করা একাধিক চেক বাউন্স মামলায় দিল্লি হাইকোর্ট তার ও স্ত্রী রাধা যাদবের সাজা বহাল রাখে। এরপর আদালতের নির্দেশে তিনি দিল্লির তিহার জেলে আত্মসমর্পণ করেন। পরে পাওনার একটি অংশ পরিশোধের পর মুক্তি পান রাজপাল।
অভিনেতাকে সর্বশেষ ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’এ দেখা গেছে। এছাড়া ‘ভূত বাংলা’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।