মুক্তির আগেই বাণিজ্যিকভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে নীতেশ তিওয়ারি পরিচালিত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘রামায়ণ’। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ছবিটির দুই পর্বের সংগীতস্বত্ব প্রায় ৮০ কোটি রুপিতে অধিগ্রহণ করেছে টি-সিরিজ। বলিউডের ইতিহাসে সংগীতস্বত্ব বিক্রির ক্ষেত্রে এটি অন্যতম বড় চুক্তি বলে মনে করা হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, ‘রামায়ণ’-এর প্রথম ও দ্বিতীয় পর্বের সব ভাষার সংগীতস্বত্ব এই চুক্তির অন্তর্ভুক্ত। স্বত্ব কেনার প্রতিযোগিতায় টি-সিরিজের পাশাপাশি সনি মিউজিকও ছিল। শেষ পর্যন্ত টি-সিরিজই সর্বোচ্চ প্রস্তাব দিয়ে সংগীতস্বত্ব নিজেদের করে নেয়। জানা গেছে, এই অর্থ ফেরতযোগ্য অগ্রিম (Refundable Advance) হিসেবে প্রদান করা হবে।
এই চুক্তির মাধ্যমে বলিউডের আগের কয়েকটি আলোচিত রেকর্ডও ছাড়িয়ে গেছে ‘রামায়ণ’। চলতি বছর রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ সিনেমার সংগীতস্বত্ব নিয়ে ৫০ থেকে ৬৫ কোটি রুপির চুক্তির গুঞ্জন ছড়িয়েছিল। পরে নির্মাতারা জানান, প্রকৃত চুক্তির মূল্য ছিল প্রায় ৩০ কোটি রুপি। সেই তুলনায় ‘রামায়ণ’-এর ৮০ কোটি রুপির সংগীতস্বত্ব বিক্রি নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
এদিকে দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ্যে এসেছে ছবিটির ট্রেলারও। বৃহস্পতিবার ভারতীয় সময় ভোর ৪টা ১৫ মিনিটে ‘রামায়ণ’-এর ট্রেলার উন্মুক্ত করা হয়। ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি নিয়ে আলোচনা আরও তীব্র হয়েছে।
ছবিটির আরেকটি বড় আকর্ষণ এর সংগীত। প্রথমবারের মতো একসঙ্গে কাজ করেছেন বিশ্বখ্যাত সুরকার হ্যান্স জিমার এবং এ আর রহমান। আন্তর্জাতিক অঙ্গনের এই দুই কিংবদন্তি সুরকারের যৌথ কাজকে ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
‘রামায়ণ’-এ রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। সীতার ভূমিকায় রয়েছেন সাই পল্লবী এবং রাবণের চরিত্রে দেখা যাবে দক্ষিণী তারকা যশকে। এছাড়া লক্ষ্মণের চরিত্রে অভিনয় করেছেন রবি দুবে। গুরুত্বপূর্ণ অন্যান্য চরিত্রে রয়েছেন সানি দেওল, অরুণ গোভিল, লারা দত্ত, রাকুল প্রীত সিংসহ আরও অনেকে।
ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’-কে আধুনিক প্রযুক্তি, উন্নত ভিএফএক্স এবং আন্তর্জাতিক মানের নির্মাণশৈলীর মাধ্যমে নতুনভাবে উপস্থাপনের লক্ষ্য নিয়ে ছবিটি নির্মাণ করা হচ্ছে। নির্মাতাদের দাবি, এটি ভারতীয় সিনেমার অন্যতম বৃহৎ বাজেটের প্রকল্প। মুক্তির আগেই সংগীতস্বত্ব বিক্রি থেকে বিপুল আয় হওয়াকে ছবিটির শক্তিশালী বাণিজ্যিক সম্ভাবনার ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।
পরিকল্পনা অনুযায়ী, ‘রামায়ণ’ দুই পর্বে মুক্তি পাবে। প্রথম পর্ব চলতি বছরের দীপাবলিতে এবং দ্বিতীয় পর্ব ২০২৭ সালের দীপাবলিতে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। ভারত ছাড়াও আন্তর্জাতিক বাজারে ছবিটি নিয়ে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।