বলিউডের শান্ত ও মিষ্টভাষী অভিনেতা হিসেবে পরিচিত রণবীর কাপুর মঙ্গলবার রাতে এক ভিন্ন মেজাজে ধরা দিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রণবীর আঙুল উঁচিয়ে বেশ গম্ভীরভাবে কথা বলছেন। শুরুতে অনেকেই ধারণা করেছিলেন তিনি হয়তো রেগে গেছেন, কিন্তু ভিডিওটির পেছনের আসল কারণ ছিল আলিয়া ভাটের নিরাপত্তা এবং আলোকচিত্রীদের সুশৃঙ্খলভাবে ছবি তোলার সুযোগ করে দেওয়া।
ঘটনাটি ঘটে রণবীরের মা নীতু কাপুর অভিনীত সিনেমা ‘মেরি দাদি কি শাদি’-এর বিশেষ প্রদর্শনীতে। অনুষ্ঠানে কালো পোশাকে আলিয়া ভাট নজর কাড়লেও রণবীর ছিলেন ক্যাজুয়াল লুকে। তাঁদের দেখা মাত্রই আলোকচিত্রী ও ভক্তদের উপচে পড়া ভিড় তৈরি হয়। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে, গাড়ি থেকে নামার পর তাঁদের দাঁড়ানোই দায় হয়ে পড়েছিল। এই বিশৃঙ্খল পরিস্থিতিতে আলিয়ার হাত ধরে ভিড় সামাল দেওয়ার চেষ্টা করেন রণবীর।
রণবীর আলোকচিত্রীদের উদ্দেশে স্পষ্ট করে বলেন, “আপনারা ভালো ছবি তুলতে চান তো? তাহলে সরে দাঁড়ান। আমরা ভেতরে গিয়ে দাঁড়াচ্ছি। সবাই ঠিকঠাক ফ্রেম পাবেন এবং ছবিও তুলতে পারবেন।” রণবীরের এই কৌশলী এবং দায়িত্বশীল আচরণের পর পরিস্থিতি শান্ত হয়। মা নীতু কাপুরের ছবির প্রিমিয়ারে রণবীরের এই উচ্ছ্বাস এবং আলিয়ার প্রতি তাঁর যত্নশীল আচরণ ভক্তদের প্রশংসা কুড়াচ্ছে। সিনেমা দেখা শেষে এই তারকা দম্পতি হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।