চলচ্চিত্র ‘ডন ৩’ ছেড়ে দেওয়াকে কেন্দ্র করে প্রযোজক ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানির সঙ্গে অভিনেতা রণবীর সিংয়ের বিরোধ এখন আদালতমুখী। প্রযোজকদের দাবি করা ৪৫ কোটি রুপি ক্ষতিপূরণের বিপরীতে ভারতীয় মোশন পিকচার প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের (ইম্পা) কোনো প্রকার মধ্যস্থতা মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন রণবীর। দুই পক্ষের সরাসরি সমঝোতা না হলে বিষয়টির আইনি সমাধান আদালতেই চান এই বলিউড তারকা।
ইম্পার সঙ্গে এক বৈঠকে রণবীরের বাবা ও প্রতিনিধি জগজিৎ সিং ভবনানি অংশ নেওয়ার পর অভিনেতার আইনি দল চিঠি দিয়ে তাদের অবস্থান পরিষ্কার করে। চিঠিতে প্রযোজক সমিতির বিচারিক ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি ৪৫ কোটি রুপি ক্ষতিপূরণের দাবি পুরোপুরি নাকচ করা হয়।
রণবীরের আইনজীবীরা জানান, প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্টের সঙ্গে কেবল একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছিল, যা কোনো চূড়ান্ত বা আইনি চুক্তি নয়। ফলে ইম্পার উচিত অভিযোগটি সরাসরি খারিজ করা। ২০২৩ সালে নতুন ‘ডন’ হিসেবে রণবীরের নাম ঘোষণা করা হলেও শেষ মুহূর্তে চিত্রনাট্য ও সৃজনশীল মতবিরোধের জেরে সিনেমাটি থেকে সরে দাঁড়ান তিনি। এরপরই ক্ষতির দোহাই দিয়ে ফারহান আখতারের প্রযোজনা প্রতিষ্ঠান প্রযোজক সমিতির শরণাপন্ন হয়।