বড়সড় আয়োজনে নির্মিত এক ভৌতিক গল্পের সিনেমা। তা-ও আবার নির্মাণ করছেন হালের ‘হিট মেশিন’ খ্যাত পরিচালক রায়হান রাফী। আর পর্দার নেপথ্যে এই ভুতুড়ে গল্পের হাল ধরেছেন শাকিব চৌধুরী, বেজবাবা সুমন ও আদনান আদিব খান। সঙ্গে রয়েছে একঝাঁক প্রতিভাবান তারকা অভিনয়শিল্পী। সব মিলিয়ে নতুন সিনেমা ‘আন্ধার’ নিয়ে দর্শকদের আগ্রহের পারদ এখন তুঙ্গে। কিন্তু বহুল প্রতীক্ষিত এই ছবি মুক্তির আলোয় আসবে ঠিক কবে?
গত বছর বেশ ঢাকঢোল পিটিয়েই ‘আন্ধার’ সিনেমার ঘোষণা দেওয়া হয়েছিল। তখনই নির্মাতারা জানিয়েছিলেন, ২০২৬ সালের কোনো এক সময়ে মুক্তি পাবে ছবিটি। সিনেমার শুটিংও শেষ হয়েছে অনেক দিন আগে, এমনকি কিছুদিন আগেই শেষ হয়েছে এর ডাবিংয়ের কাজ। তাহলে এখন ছবিটির সর্বশেষ আপডেট কী? সেই খবর জানা গেল চিত্রনাট্যকার ও সহপ্রযোজক শাকিব চৌধুরীর বরাতে। তিনি জানালেন, বর্তমানে সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজে পুরো টিম ভারতের মুম্বাইতে অবস্থান করছেন। সেখানকার একটি নামকরা স্টুডিওতে চলছে সম্পাদনার মূল কাজ। এই সফরে শাকিব চৌধুরীর সঙ্গে মুম্বাইতে আছেন পরিচালক রায়হান রাফী এবং আরেক চিত্রনাট্যকার আদনান আদিব খানও।
মুম্বাইয়ের টেকনিক্যাল কাজ শেষ করেই দেশে ফিরবে পুরো টিম। তবে দেশে ফিরেই তড়িঘড়ি করে ছবি মুক্তি দিচ্ছেন না তারা। ফুটবলপ্রেমীদের চলমান ফিফা বিশ্বকাপের তুমুল আমেজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন নির্মাতারা। বিশ্বকাপের উন্মাদনা কাটার পরই জমকালো আয়োজনে ঘোষণা করা হবে মুক্তির অফিশিয়াল তারিখ। আর তখন থেকেই একে একে ডিলিজ করা হবে সিনেমার গান, টিজার ও ট্রেলারসহ নানান প্রচারণামূলক কনটেন্ট। প্রযোজনা সূত্রে জানা গেছে, এই বছরের শেষ নাগাদ প্রেক্ষাগৃহে রাজত্ব করতে আসবে ‘আন্ধার’।
উল্লেখ্য, শাকিব চৌধুরী ও বেজবাবা সুমন একসময় ভূত নিয়ে বিস্তর গবেষণা করেছিলেন। রেডিওতে তাদের জনপ্রিয় শো ‘ভৌতিস্ট’ দারুণ সাড়া ফেলেছিল শ্রোতামহলে। মূলত সেই শোর অভিজ্ঞতা ও গবেষণা থেকেই দুজনে মিলে বুনেছেন ‘আন্ধার’ এর মূল গল্প। ছবিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নাজিফা তুষি, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, গাজী রাকায়েত, মোস্তফা মনওয়ার ও তানজিকা আমিনসহ আরও অনেকে। এছাড়া এই সিনেমার হাত ধরেই বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে দুই তরুণ মুখ ফররুখ আহমেদ রেহান ও স্বর্ণালী চৈতির।