জনপ্রিয় নির্মাতা ও প্রযোজক রেদওয়ান রনি এবং মডেল বুলবুল টুম্পার নাম এবং ছবি ব্যবহার করে একটি প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। শাকিব খানের নতুন সিনেমায় শিশুশিল্পী নেওয়ার লোভ দেখিয়ে শিল্পীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে চক্রটি। সম্প্রতি শিশুশিল্পী দিশামনির অভিভাবক রিমা আক্তারের সঙ্গে ঘটা এক ঘটনার মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আসে।
রিমা জানান, বুলবুল টুম্পার পরিচয়ে তাকে একটি মেসেজ পাঠিয়ে রেদওয়ান রনির পরিচয় দেওয়া এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। সেই ব্যক্তি ফোনে জানান, শাকিব খানের নতুন সিনেমা ‘তূর্য’-তে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার ছোটবেলার চরিত্রের জন্য দিশামনিকে নেওয়া হবে এবং ডিসেম্বরেই শুটিং শুরু হবে। তবে কথাবার্তায় সন্দেহ হওয়ায় এবং অপরিচিত এক মেয়ের ছবি দিয়ে অভিনেত্রী নির্বাচনের পরামর্শ চাওয়ায় রিমার সন্দেহ বাড়ে। পরবর্তীতে বুলবুল টুম্পার সঙ্গে যোগাযোগ করে জানা যায় ওই নম্বরটি তাঁর নয়।
বিষয়টি নজরে আসার পর নিজের ফেসবুক পোস্টে সবাইকে সতর্ক করেছেন চরকির সিইও ও নির্মাতা রেদওয়ান রনি। তিনি জানান, এর আগেও এমন প্রতারকদের আইনের আওতায় আনা হয়েছে এবং এবারও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সবাইকে ভেরিফাইড প্রোফাইল ও নির্দিষ্ট ব্যক্তিগত নম্বর ছাড়া অপরিচিত কারো সঙ্গে লেনদেন বা যোগাযোগ না করার অনুরোধ জানিয়েছেন এই নির্মাতা।