স্বামী-স্ত্রী দুজনের চাকরি করা ব্যক্তিগতভাবে পছন্দ করেন না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তাঁর মতে, বাবা-মা দুজনই চাকরিতে ব্যস্ত থাকলে এর প্রভাব পড়ে সন্তানদের ওপর। প্রতিমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক পোস্টে ফারিয়া লেখেন, দেশের প্রধানমন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রীর পরিবারের নারীদের পেশাগত ও পারিবারিক দায়িত্ব পালনের উদাহরণ আমাদের অনুপ্রেরণা জোগায়। তাঁর মতে, নারীরা ব্যস্ত ও দায়িত্বশীল অবস্থানে থেকেও সন্তানদের প্রতি যত্নশীল হতে পারেন।
ফারিয়া বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার কথা বলা হচ্ছে, মেয়েদের শিক্ষার সুযোগ বাড়ানো হচ্ছে এবং বৈষম্য ও সহিংসতা দূর করতে কাজ চলছে। এমন পরিস্থিতিতে দায়িত্বশীল অবস্থান থেকে বাবা-মা দুজনের চাকরি করা পছন্দ নয় এমন মন্তব্য প্রশ্নবিদ্ধ।
কর্মজীবী নারীদের সন্তান লালন-পালনের জন্য ক্যারিয়ার ছাড়ার বিষয়টিও তুলে ধরেন অভিনেত্রী। তাঁর মতে, সন্তান বড় করা বাবা ও মা দুজনের সমান দায়িত্ব। তাই নারীদের চাকরি ছাড়ার পরামর্শ না দিয়ে কর্মক্ষেত্রে সহায়ক পরিবেশ নিশ্চিত করা জরুরি।
ফারিয়ার প্রস্তাব, প্রতিটি অফিসে মানসম্মত ডে কেয়ারের ব্যবস্থা করা উচিত, যাতে সন্তানকে রেখে কাজে যাওয়ার কারণে কোনো মাকে অপরাধবোধে ভুগতে না হয়। তাঁর মতে, উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা গেলে চাকরি ও সন্তান লালন পালন দুটিই একসঙ্গে সামলানো সম্ভব।