প্রেমিক সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই দীর্ঘ এক দুঃস্বপ্নের সময়ের মধ্য দিয়ে গেছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। মাদক-কাণ্ডে গ্রেপ্তার হয়ে জেল খাটা, টানা বিতর্ক আর সংবাদমাধ্যমের শিরোনামে থাকা। সব মিলিয়ে তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবন কার্যত থমকে গিয়েছিল।

সুশান্তের মৃত্যুকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে রিয়ার নাম জড়িয়ে পড়ায় তাঁর অভিনয়জীবনে বড় প্রভাব পড়ে। ধীরে ধীরে তিনি দূরে সরে যান রোল-ক্যামেরা-অ্যাকশনের জগৎ থেকে। দীর্ঘ সাত বছর পর আবার অভিনয়ে ফিরছেন রিয়া। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এখন ট্রোল না হলে বরং মনে হয় তিনি ঠিকভাবে সামনে এগোচ্ছেন না। তাঁর আক্ষেপ, সুশান্তের মৃত্যুর পর জেলে যাওয়ার দৃশ্য কোটি কোটি মানুষ দেখলেও, তাঁদের মধ্যে অন্তত এক কোটি মানুষও যদি আদালত থেকে পাওয়া তাঁর ক্লিনচিটের অর্থটা বুঝতেন।

জেলজীবনের অভিজ্ঞতা এখনো তাঁকে তাড়া করে ফেরে বলে জানান রিয়া। তাঁর ভাষায়, জেল থেকে ফেরার পর মনে হতো পৃথিবী আর বাসযোগ্য নয়। বাইরে বেরোতে ভয় লাগত। দরজা খুলে কোনো পুরুষকে দেখলেই এখনো শরীর কেঁপে ওঠে। সেই অভিজ্ঞতা মনে এক ধরনের স্থায়ী আতঙ্ক তৈরি করেছে।

এই কঠিন সময় পেরিয়ে অভিনয়ে ফিরছেন রিয়া নেটফ্লিক্সের নতুন সিরিজ ‘ফ্যামিলি বিজনেস’-এর মাধ্যমে। এটিকে তাঁর ক্যারিয়ারের নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। অভিনয়ে ফেরা প্রসঙ্গে রিয়া বলেন, এই অভিজ্ঞতা তাঁর কাছে একসঙ্গে আবেগঘন এবং অবাস্তব মনে হচ্ছে। তাঁর কথায়, “সাত বছর, এটা ভাবলেই অদ্ভুত লাগে। কখনো ভাবিনি আবার অভিনয় করব। সবকিছু এখনো স্বপ্নের মতো মনে হচ্ছে।”