টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসরের পর জীবনের নতুন এক ইনিংসে পা রাখতে চলেছেন ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক রোহিত শর্মা। শুক্রবার সন্ধ্যায় সনি পিকচার্স নেটওয়ার্কসের একটি টিজার প্রকাশের মাধ্যমে বিনোদন জগতে তাঁর অভিষেকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মাঠের মারকুটে ওপেনারকে এবার দেখা যাবে সঞ্চালকের ভূমিকায়। সনি লিভ (SonyLIV) অ্যাপে শো-টির নাম “The Rohit Sharma Show” হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে, যা মূলত একটি রিয়্যালিটি চ্যাট শো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রকাশিত এক মিনিট চল্লিশ সেকেন্ডের টিজারটিতে রোহিতকে তাঁর জনপ্রিয় ও ভাইরাল সংলাপ “কোই ভি গার্ডেন মে নেহি ঘুমেগা” (কেউ গার্ডেনে ঘুরবে না) নিয়ে ভক্তদের আবদারের মুখে বিরক্তি প্রকাশ করতে দেখা যায়। মজা করে রোহিত বলেন, “মাত্র দুটো লাইনই যদি এত ভাইরাল হয়, তবে আমার পুরো শো এলে কী হবে ভাবুন একবার!” সনি পিকচার্স একে ‘বছরের সবচেয়ে বড় এন্টারটেইনমেন্ট ডেবিউ’ হিসেবে অভিহিত করায় ক্রিকেট এবং বিনোদন দুই অঙ্গনেই ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে।

ব্যক্তিগত জীবনে ইনজুরি কাটিয়ে সম্প্রতি আইপিএল ২০২৬-এ লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে ৮৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে ফর্মে ফেরার জানান দিয়েছেন এই তারকা। তবে মাঠের সেই হার্ডহিটিং মেজাজ এবার টিভির পর্দায় কতটা বিনোদন দিতে পারে, তা দেখতে মুখিয়ে আছেন ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা মজা করে বলছেন, মাঠের মতো পর্দাতেও রোহিত শর্মা হয়তো ‘গার্ডেন’ ইস্যুটিকে চিরস্থায়ী করে রাখবেন।