ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী রুবিনা দিলাইক আজ কোটি দর্শকের পরিচিত মুখ। তবে তার অভিনয়জীবনের শুরুটা মোটেও সহজ ছিল না। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের শুরুর দিকের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তিনি।

অভিনয়ে আসার আগে প্রশাসনিক কর্মকর্তা হওয়ার স্বপ্ন দেখতেন রুবিনা। পরে মডেলিংয়ের মাধ্যমে বিনোদন অঙ্গনে পা রাখেন শিমলায় বেড়ে ওঠা এই অভিনেত্রী। ২০০৮ সালে ‘ছোটি বহু’ ধারাবাহিকে রাধিকা চরিত্রে অভিনয় করে দর্শকের নজরে আসেন। এরপর ‘পুনর্বিবাহ’, ‘জিনি অর জুজু’ এবং ‘শক্তি–অস্তিত্ব কে এহসাস কি’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন।

তবে শুরুতে তাকে শুনতে হয়েছিল নানা কটূক্তি। রুবিনার দাবি, এক পরিচালক তাকে বলেছিলেন তার মুখের গড়ন ‘নেগেটিভ’, তাই তিনি কখনো প্রধান চরিত্রের জন্য উপযুক্ত হবেন না। এমনকি তার থুতনি নিয়েও মন্তব্য করা হয়েছিল।

সেই সময়ের অভিজ্ঞতা স্মরণ করে রুবিনা বলেন, ‘আমি তখন একেবারেই নতুন ছিলাম। এসব কথা শুনে নিজের ওপর সন্দেহ তৈরি হয়েছিল। মনে হতো, হয়তো সত্যিই আমার মধ্যে কোনো সমস্যা আছে।’

তিনি মনে করেন, নতুন শিল্পীরা খুব সহজেই অন্যের মন্তব্যে প্রভাবিত হয়ে পড়েন। তার ভাষায়, ‘আপনি যখন নতুন থাকেন, তখন সবাই যা বলে, সেটাই বিশ্বাস করতে শুরু করেন। আমিও একসময় ভাবতাম, হয়তো আমি সুন্দর নই কিংবা ক্যামেরার জন্য উপযুক্ত নই।’

তবে সেই নেতিবাচক মন্তব্য তাকে থামিয়ে রাখতে পারেনি। বরং আরও দৃঢ় হতে সাহায্য করেছে। রুবিনা বলেন, ‘আজ পেছনে তাকালে মনে হয়, যদি ওই কথাগুলো বিশ্বাস করে থেমে যেতাম, তাহলে আজকের জায়গায় পৌঁছাতে পারতাম না।’

অভিনয়ের পাশাপাশি রিয়েলিটি শোতেও সফলতা পেয়েছেন তিনি। ‘বিগ বস ১৪’-এর বিজয়ী হওয়ার পর তার জনপ্রিয়তা আরও বেড়ে যায়। এছাড়া ‘ঝলক দিখলা যা’ এবং ‘লাফটার শেফস’-এর মতো অনুষ্ঠানেও অংশ নিয়েছেন।

এবার আবারও স্টান্টভিত্তিক জনপ্রিয় রিয়েলিটি শো ‘খতরোঁ কে খিলাড়ি’-তে ফিরছেন রুবিনা। তিনি জানান, নতুন মৌসুমে অংশ নেওয়ার খবর জানার পর প্রথম ফোন করেছিলেন অভিনেত্রী হিনা খান।

রুবিনার ভাষায়, ‘ওর জীবনে এত কিছু চলছে, তারপরও ওর মানসিক দৃঢ়তা অসাধারণ। আমি ওই নারীকে ভীষণ ভালোবাসি।’

তিনি আরও জানান, ‘হিনা আমাকে বলেছিল, “রুবিনা, তুই আমার কাজটাও করে আসিস।” আমি বলেছিলাম, “অবশ্যই।” ওর এই বিশ্বাস আর ইতিবাচক মনোভাবটাই আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে।’

উল্লেখ্য, ‘খতরোঁ কে খিলাড়ি’র ১৫তম আসরে রুবিনা দিলাইকের সঙ্গে অংশ নিয়েছেন করণ ওয়াহি, ঋত্বিক ধনজানি, অভিকা গোর, জাসমিন ভাসিন ও গৌরব খান্নাসহ আরও অনেকে। দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে এর শুটিং সম্পন্ন হয়েছে। নির্মাতা রোহিত শেঠি সঞ্চালিত অনুষ্ঠানটি আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে কালারস টিভি ও জিওহটস্টারে প্রচারিত হবে।