বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লাকে ঘিরে সামাজিক মাধ্যমে হঠাৎ ছড়িয়ে পড়ে মৃত্যুর গুজব। তবে এই খবরকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন শিল্পী নিজেই। তিনি জানিয়েছেন, তিনি সুস্থ আছেন এবং বর্তমানে ভারতের দিল্লিতে একটি সম্মাননা অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।

জানা যায়, সোমবার (৪ মে) সন্ধ্যায় দিল্লিতে ‘মিনার-ই-দিল্লি’ পুরস্কার গ্রহণের পরপরই এই গুজব ছড়িয়ে পড়ে। মুহূর্তেই তা ভাইরাল হয়ে দেশ-বিদেশে ভক্তদের মধ্যে উদ্বেগ ও বিভ্রান্তি তৈরি করে।

পরবর্তীতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে রুনা লায়লা গুজবটি নাকচ করে সবাইকে অনুরোধ জানান, যাচাই ছাড়া কোনো তথ্য যেন শেয়ার না করা হয়।

মঙ্গলবার (৫ মে) দিল্লি থেকে গণমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে পরিচিতজনরা তার খোঁজ নিচ্ছিলেন, যা একদিকে বিব্রতকর, অন্যদিকে পরিবারের জন্যও কষ্টদায়ক।

তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন, এ ধরনের ভুয়া খবর ইচ্ছাকৃতভাবেও ছড়ানো হতে পারে এবং এর পেছনে কোনো সংঘবদ্ধ চক্র সক্রিয় থাকতে পারে। সামাজিক মাধ্যমে দায়িত্বহীন তথ্য প্রচার এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সবশেষে ভক্তদের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানিয়ে রুনা লায়লা সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।