অভিনেত্রী সাদিয়া আয়মান এর পোষা বিড়াল ‘আলু’ এবার অভিনয় করেছে নতুন ওয়েব ফিল্ম ‘মিউ’-তে। ওটিটি প্ল্যাটফর্ম চরকি এর জন্য নির্মিত এই কন্টেন্টে অভিনয়ের পাশাপাশি ফটোশুটেও অংশ নিয়েছেন তিনি। ছোটবেলায় তার ‘মিউ’ নামের একটি বিড়াল ছিল, যা একসময় হারিয়ে যায়। কাকতালীয়ভাবে ওয়েব ফিল্মটির গল্পের সঙ্গে মিলে গেছে তার সেই ব্যক্তিগত স্মৃতি, ফলে কাজটি তার কাছে হয়ে উঠেছে আরও আবেগঘন।
সাদিয়া আয়মান বলেন, “আমার জন্য খুবই বিশেষ একটি কাজ ‘মিউ’। পারিবারিক গল্পের মোড়কে পোষা প্রাণীর সঙ্গে মানুষের গভীর আবেগের সম্পর্ক এখানে সুন্দরভাবে উঠে এসেছে। আমরা অনেক সময় পোষা প্রাণীকে ভালোবাসি, কিন্তু তাদের অনুভূতি কিংবা আমাদের ওপর তাদের নির্ভরতার জায়গা নিয়ে ঠিকভাবে ভাবি না। এই ফিল্মটি দর্শকদের সেই জায়গায় ভাবাবে বলে আমার বিশ্বাস।” তিনি আরও জানান, তার নিজের বিড়াল ‘আলু’ শুটিংয়ে দারুণ পারফর্ম করেছে। “ওর প্রায় সব দৃশ্য এক টেকেই হয়েছে একেবারে পেশাদার শিল্পীর মতো,” যোগ করেন তিনি।
গল্পে সাদিয়ার মা, বাবা ও ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে আফসানা মিমি, আজিজুল হাকিম ও রাকিব হোসেন ইভন। মা চরিত্রটি প্রসঙ্গে আফসানা মিমি মজার ছলে বলেন, “প্রতিটি পরিবারে মা একটি রাজনৈতিক চরিত্র।” তার ভাষায়, পরিবার অনেকটা রাষ্ট্রের মতো যেখানে মা কখনও কঠোর, কখনও স্নেহময়ী, আবার কখনও কঠিন সিদ্ধান্ত নিতেও বাধ্য হন। একই সঙ্গে গল্পে রয়েছে পোষা প্রাণীকে পরিবারের সদস্য হিসেবে মেনে নেওয়ার মানসিকতার প্রশ্ন।
রাফি চরিত্রে অভিনয় করা রাকিব হোসেন ইভন বলেন, এটি একটি মসলামুক্ত শহুরে নিম্ন-মধ্যবিত্ত পরিবারের গল্প। দায়িত্ব ও প্রত্যাশার চাপে বড় ছেলের সংগ্রাম ও অসহায়ত্ব চরিত্রটিকে মানবিক করে তুলেছে, যা দর্শকের নিজস্ব অভিজ্ঞতার সঙ্গে সহজেই মিলে যাবে বলে তার বিশ্বাস।
ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন আতিক জামান। তিনি জানান, এটি মূলত একটি পারিবারিক গল্প, যেখানে সম্পর্কের জটিলতা, ভাঙাগড়া, অভিমান ও দায়বদ্ধতার অনুভূতি উঠে এসেছে। পোষা প্রাণীর উপস্থিতি গল্পে নতুন মাত্রা যোগ করেছে এবং একধরনের উপলব্ধির জায়গা তৈরি করেছে। গল্পটি লিখেছেন মো. আলম ভূঁইয়া; নির্মাতা ও গল্পকার মিলে করেছেন চিত্রনাট্য ও সংলাপ রচনা।
ওয়েব ফিল্মটিতে আরও অভিনয় করেছেন আফজাল হোসেন, ইশতিয়াক আহমেদ রুমেল, কাব্যকথা প্রতীতি ও তামান্না হক বর্ণা। আগামী ৪ মার্চ দিবাগত রাত ১২টা (৫ মার্চ) থেকে চরকিতে স্ট্রিমিং শুরু হবে ‘মিউ’।