ভিডিওর শুরুতেই প্রভা ভক্তদের উদ্দেশে বলেন, যারা সত্যিকারের তার কাজের অনুসারী, তাদের সঙ্গে হঠাৎ ব্যক্তিগত প্রশ্ন করা অনুচিত। তিনি বলেন, অনেক সময় দেখা যায়, ডাক্তারখানা, শপিং মল বা রেস্টুরেন্টে দেখা হলে ভক্তরা সরাসরি জিজ্ঞেস করেন, “আপা বিয়ে করছেন না কেন?” যা তার মতে অস্বস্তিকর ও অশোভন।

বিয়ে, জন্ম ও মৃত্যুকে সৃষ্টিকর্তার ইচ্ছার ওপর নির্ভরশীল উল্লেখ করে তিনি বলেন, এসব বিষয় মানুষের নিয়ন্ত্রণে নয়। “জন্ম, মৃত্যু আর বিয়ে -এই তিনটি বিষয় আল্লাহর হাতে। তিনি ছাড়া কেউ জানে না ভবিষ্যতে কী ঘটবে। আমার কপালে যদি বিয়ে লেখা থাকে, তবে তা হবেই। না থাকলে জোর করেও সম্ভব নয়,” বলেন প্রভা।

নিজের ব্যক্তিগত সংগ্রামের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, তার জীবনের অনেক কঠিন সময় কেবল সৃষ্টিকর্তাই জানেন। মানুষের কাছে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন তিনি অনুভব করেন না, বরং নিজের বিশ্বাস অনুযায়ী স্রষ্টার সঙ্গে সম্পর্ক ঠিক রাখাই তার কাছে গুরুত্বপূর্ণ।

তিনি আরও মন্তব্য করেন, বাহ্যিকভাবে জীবনযাপন ভিন্ন মনে হলেও প্রায় প্রতিটি নারীরই পরিবার ও সংসারের আকাঙ্ক্ষা থাকে। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, ব্যক্তিগত জীবন নিয়ে এমন প্রশ্ন করে কাউকে কষ্ট দেওয়ার প্রয়োজন কী। সন্তান প্রসঙ্গেও তিনি বলেন, এটি সৃষ্টিকর্তার দান, যা মানুষের ইচ্ছার বাইরে ঘটতে পারে।