চিত্রনায়িকা শবনম বুবলীকে ঘিরে আলোচনা যেন কিছুতেই থামছে না। ব্যক্তিগত জীবন, বিদেশ সফর আর নানা গুঞ্জনে প্রায়ই আলোচনার কেন্দ্রে থাকছেন তিনি। এসব বিষয় নিয়ে এবার প্রকাশ্যে নিজের অবস্থান জানালেন অভিনেত্রী।
সম্প্রতি একটি ব্র্যান্ডের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন বুবলী। সেখানে তার ব্যক্তিগত জীবন, বিশেষ করে অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন নিয়ে জানতে চাইলে তিনি সরাসরি জানান, কিছু বিষয় আছে যেগুলো অত্যন্ত স্পর্শকাতর এবং সেগুলো নিয়ে কথা বলার জন্য সঠিক সময় ও উপযুক্ত পরিবেশ প্রয়োজন।
বুবলী বলেন, এসব বিষয় একান্তই ব্যক্তিগত। শান্ত ও স্বাভাবিক পরিবেশেই এমন প্রসঙ্গে কথা বলা উচিত। তিনি আরও জানান, যখন এ নিয়ে কথা বলবেন, তখন সবার প্রতি সম্মান রেখেই নিজের অবস্থান তুলে ধরবেন।
এদিকে, চিত্রনায়ক শাকিব খানের নাম জড়িয়ে তার বিদেশ যাত্রা নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে সতর্ক ছিলেন বুবলী। তিনি বলেন, প্রতিটি বিষয়েরই সময় ও জায়গা থাকে। একটি আনন্দঘন লঞ্চিং অনুষ্ঠানে এমন স্পর্শকাতর প্রসঙ্গ নিয়ে কথা বলা তিনি উপযুক্ত মনে করেন না।
সবশেষে সাংবাদিকদের উদ্দেশে বুবলী বলেন, দর্শকদের জানার আগ্রহ থাকা স্বাভাবিক। তবে একজন শিল্পী হিসেবে তার প্রত্যাশা, শিল্পী ও তাদের ব্যক্তিগত বিষয়গুলো যেন সম্মান বজায় রেখেই উপস্থাপন করা হয়।