সিনেমার পর্দা থেকে ক্রিকেটের বাইশ গজ সবখানেই নিজের রাজত্ব বজায় রেখেছেন বলিউড বাদশা শাহরুখ খান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘কলকাতা নাইট রাইডার্স’ (কেকেআর)-এর সাফল্যের পর এবার ক্রিকেট ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করল তাঁর ‘নাইট রাইডার্স’ গ্রুপ। প্রথমবার ভারতের বাইরে নিজস্ব আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ ও পরিচালনার কৃতিত্ব অর্জন করেছে এই ফ্র্যাঞ্চাইজি।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নির্মিত ‘নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড’-এ মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই স্টেডিয়ামের যাত্রা শুরু হলো। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স ও ওয়াশিংটন ফ্রিডম। আন্তর্জাতিক মানদণ্ড মেনে তৈরি এই দৃষ্টিনন্দন স্টেডিয়ামটিতে রয়েছে মূল স্কয়ারে আটটি উইকেট, আইসিসির নিয়ম অনুযায়ী মাঠের পরিমাপ এবং ১২০ ফুট উঁচু ছয়টি ফ্লাডলাইট টাওয়ার।

এই ঐতিহাসিক অর্জন নিয়ে এক বিবৃতিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শাহরুখ খান। তিনি বলেন, “যা একসময় কেবল স্বপ্ন ছিল, আজ তা বাস্তবে পরিণত হয়েছে। বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয় খেলা ক্রিকেটকে লস অ্যাঞ্জেলেসের মতো জায়গায় নিয়ে আসতে পারা আমাদের জন্য অত্যন্ত গর্বের একটি মুহূর্ত। এটি শুধু একটি খেলার মাঠ নয়; বরং এমন একটি জায়গা যেখানে পরিবার ও বন্ধুদের নিয়ে সবাই আনন্দ করতে পারবে। আমরা চাই এটি লস অ্যাঞ্জেলেসে ক্রিকেটের স্থায়ী ঠিকানা হয়ে উঠুক এবং আমেরিকার নতুন প্রজন্মকে এই খেলার প্রতি আগ্রহী করে তুলুক।”

স্টেডিয়ামটির উদ্বোধনী ম্যাচে প্রথম বল করে চমক সৃষ্টি করেন সাবেক এনবিএ চ্যাম্পিয়ন মেটা ওয়ার্ল্ড পিস, যা যুক্তরাষ্ট্রের মূলধারার ক্রীড়াপ্রেমীদের মাঝে ক্রিকেটের বাড়তে থাকা জনপ্রিয়তার এক বড় প্রতীক। ১ থেকে ৫ জুলাই পর্যন্ত এই মাঠে মেজর লিগ ক্রিকেটের একাধিক ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, বর্তমানে নাইট রাইডার্স গ্রুপের অধীনে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স (এমএলসি) ছাড়াও আরও তিনটি সফল ফ্র্যাঞ্চাইজি রয়েছে কলকাতা নাইট রাইডার্স (আইপিএল), ত্রিনবাগো নাইট রাইডার্স (সিপিএল) এবং আবুধাবি নাইট রাইডার্স (আইএলটি২০)। সব মিলিয়ে এই ফ্র্যাঞ্চাইজি গ্রুপটি এখন পর্যন্ত ৯টি বড় শিরোপা নিজেদের ঘরে তুলেছে।