ঈদুল আজহা উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘রকস্টার’ এবার আসছে ওটিটি প্ল্যাটফর্মে। আগামী ২৩ জুলাই চরকিতে মুক্তি পাবে আজমান রুশো পরিচালিত এই সিনেমা। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে চরকি।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ঘোষণায় চরকি লিখেছে, “অহংকার থেকে অনুতাপ, পতন থেকে পুনর্জন্ম। ২৩ জুলাই বাকি সব প্ল্যান বাদ। কারণ সিনেমা হল কাঁপিয়ে এবার ‘রকস্টার’ আসছে চরকিতে।”
‘রকস্টার’ নির্মাতা আজমান রুশোর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে তিনি বিজ্ঞাপনচিত্র নির্মাণের মাধ্যমে পরিচিতি পেয়েছিলেন। সিনেমাটিতে প্রথমবারের মতো একজন সংগীতশিল্পীর চরিত্রে অভিনয় করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।
চলচ্চিত্রটির গল্প আবর্তিত হয়েছে আগুন নামের এক তরুণকে ঘিরে। শাস্ত্রীয় সংগীতশিল্পীর সন্তান হয়েও বাবার পথ অনুসরণ না করে রকসংগীতকে বেছে নেয় সে। নিজের প্রতিভা ও পরিশ্রমে দেশ বিদেশে জনপ্রিয়তা অর্জন করলেও ব্যক্তিগত জীবনের সম্পর্কের টানাপোড়েন তার সাফল্যের পথকে কঠিন করে তোলে। ভালোবাসা, অহংকার, আত্মসংঘাত ও জীবনের নানা উত্থান-পতনের মধ্য দিয়ে এগিয়ে যায় গল্প, যা শেষ পর্যন্ত তাকে এক মর্মান্তিক পরিণতির মুখোমুখি দাঁড় করায়।
সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে রয়েছেন তানজিয়া জামান মিথিলা, সুনিধি নায়েক, পান্থ কানাই, রোজী সিদ্দিকী, তারিক আনাম খান, দিলারা জামান এবং কাজী সাবিরসহ আরও অনেকে।
‘রকস্টার’ এর সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। শাকিব খানের ঠোঁটে থাকা সব গানের কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন আহমেদ হাসান সানি। পাশাপাশি সিনেমায় আরও দুটি গান পরিবেশন করেছেন পান্থ কানাই ও অংকন কুমার।
প্রেক্ষাগৃহে মুক্তির সময় ‘রকস্টার’ দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিলেও বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। তবে এবার ওটিটিতে মুক্তির মাধ্যমে ছবিটি নতুন করে আরও বড় দর্শকগোষ্ঠীর কাছে পৌঁছাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।