জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার এক যুগ আগের সেই ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনাটি আবারও বিনোদনপাড়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। দীর্ঘ ১৬ বছর পর পুরোনো সেই ট্র্যাজেডি নিয়ে এবার প্রকাশ্যেই সোচ্চার হয়েছেন শোবিজ অঙ্গনের বেশ কয়েকজন নামী শিল্পী ও নির্মাতা। বিশেষ করে মূল অভিযুক্ত রাজিব হাসানের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো আইনি বা বিচারিক পদক্ষেপ না নেওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ ও প্রশ্ন তুলছেন অনেকেই।
সম্প্রতি একটি ফেসবুক লাইভে এসে পুরোনো সেই বিভীষিকাময় অধ্যায়ের প্রসঙ্গ টেনে নিজের যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার কথা শেয়ার করেন প্রভা। তিনি জানান, ভিডিও ফাঁসের পর দীর্ঘ সময় ধরে কীভাবে তাকে প্রতিনিয়ত সামাজিকভাবে হেনস্তা, অবমাননা ও নোংরা ট্রলের শিকার হতে হয়েছে। প্রভার এই আবেগঘন বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই শোবিজের সহকর্মীরা দলমত নির্বিশেষে তার প্রতি সমর্থন ও সহানুভূতি জানাতে শুরু করেন।
এরই ধারাবাহিকতায় শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি দীর্ঘ ও বিস্ফোরক পোস্ট দিয়েছেন দেশের গুণী নির্মাতা শিহাব শাহীন। রাজিব হাসান ও প্রভার বাগদানের একটি পুরোনো ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘টাইমলাইনে ছবিটা আসলো তাই ভাবলাম বলি। ঘটনাটার পরপরই ছেলেটার সঙ্গে কথা হয়েছিল।’
নিজের পোস্টে সেই কথোপকথনের স্মৃতিচারণ করে শিহাব শাহীন লেখেন, ‘জিজ্ঞেস করেছিলাম ‘‘তুমি কিভাবে এই কাজটা করলা!!?’’...যাকে ভালবাসো কিভাবে তার এত বড় ক্ষতি করলা!!?...ইনিয়ে বিনিয়ে অনেক কথা বলেছিল সে। পরে প্রমাণিত হয়েছে সব মিথ্যা!’
এত বড় একটা অপরাধের পরও অপরাধী কীভাবে পার পেয়ে গেল, সেই প্রশ্ন তুলে এই নির্মাতা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এত বড় একটা অপরাধ, অথচ তার কিছুই হয়নি। তার গ্রেপ্তার হবার কথা, হয়নি। বিচার হবার কথা, হয়নি। জেলে থাকার কথা, কিছুই হয়নি! অবশ্য তখন এ নিয়ে কোনো আইনও ছিল না, আর সবাই ব্যস্ত ছিল প্রভার চৌদ্দগুষ্টি উদ্ধারে।’ পোস্টে তীব্র ঘৃণা প্রকাশ করে শেষ লাইনে তিনি যোগ করেন, ‘ইংরেজিতে একটা এক্সপ্রেশন আছে ‘‘পিস অফ শিট’’...মাঝে মাঝে কাউকে কাউকে দেখলে এই লাইনটার মর্মার্থ বুঝতে পারি আমি।’
অন্যদিকে, ছোটপর্দার আরেক অভিনেত্রী সিনথিয়াও বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জোরালো ও বাস্তবমুখী প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি তার পোস্টে লিখেছেন, ‘প্রভাকে নিয়ে এখন তারকাসমাজ সোচ্চার। ১৫/১৬ বছর পর। কিন্তু এই প্রভাকেই মিডিয়ার প্রডিউসার, ডিরেক্টররা পরে বড় বড় প্রজেক্টে নেয়নি। যারা প্রভাকে নিয়ে এক যুগ পর সুশীল হলো তারা আবার আগের মতো তাকে কাস্ট করে দেখিয়ে দিক যে প্রভা একজন ভিক্টিম। প্রভা যে সাহসটা দেখিয়েছে এটা এই দেশে দরকার ছিল। প্রভার ১৫/১৬টা বছর লাগল একজন ফাইটার হতে।’
উল্লেখ্য, ২০১০ সালে জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সাদিয়া জাহান প্রভা। তবে বিয়ের কিছুদিন পরেই প্রভার সাবেক বাগদত্তা রাজিব হাসানের সঙ্গে ধারণ করা কিছু ব্যক্তিগত ভিডিও প্রতিহিংসামূলকভাবে অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়। ঘটনাটি সে সময় দেশজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি করে এবং এর জের ধরে পরবর্তীতে অপূর্ব ও প্রভার বৈবাহিক সম্পর্কেরও ইতি ঘটেছিল।