সম্প্রতি এক পডকাস্টে চিত্রনায়িকা শবনম বুবলী ধর্ম নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন। তিনি বলেন, অনেকেই প্রশ্ন তোলেন একজন চলচ্চিত্র অভিনেত্রী কেন ধর্ম নিয়ে কথা বলবেন। তার জবাবে তিনি জানান, একজন মুসলিম হিসেবে তিনি নামাজ পড়েন, রোজা রাখেন এবং রোজা রেখেই কাজ করেন। এটি তার ব্যক্তিগত বিশ্বাস ও সৃষ্টিকর্তার সঙ্গে তার সম্পর্কের বিষয়। তবে তিনি কখনও দাবি করেননি যে তিনি শতভাগ ধার্মিক বা হাফেজ।
সামাজিক যোগাযোগমাধ্যমে যারা নিয়মিত নীতিকথা বলেন বা ধর্মীয় মন্তব্য করেন, তাদের উদ্দেশে তিনি পাল্টা প্রশ্নও ছুড়ে দেন। তার বক্তব্য, যারা অন্যকে উপদেশ দেন, তারা কি নিজেদের আচরণ খতিয়ে দেখেন? কেন তারা পরনিন্দা করেন, সিনেমা দেখেন, বা সোশ্যাল মিডিয়ায় কটূক্তি করেন, যদি এসবকেই তারা অনুচিত মনে করেন?
গীবত বা পরনিন্দা প্রসঙ্গে তিনি বলেন, ইসলামে এটি অত্যন্ত গুরুতর অপরাধ। তার মতে, একজন অভিনেত্রীর পেশা নিয়ে সমালোচনা হতে পারে, কিন্তু সুদ, ঘুষ বা অনৈতিক সম্পর্কের মতো পাপের চেয়েও গীবতকে কঠিনভাবে দেখা হয়েছে। ইসলামী দৃষ্টিতে এটি মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করার সমান বলে উল্লেখ করেন তিনি।