শ্রদ্ধা কাপুর অভিনীত বহুল প্রতীক্ষিত জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘ঈথা’ মুক্তির আগেই বিতর্কের মুখে পড়েছে। মহারাষ্ট্রের কিংবদন্তি তামাশা ও লাবণী শিল্পী বিথাবাই নারায়ণগাঁওকরের জীবন অবলম্বনে নির্মিত এই সিনেমাকে ঘিরে আপত্তির কেন্দ্রবিন্দুতে এসেছে এর নাম।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি প্রকাশিত টিজারে শ্রদ্ধা কাপুরের নতুন লুক দর্শকদের প্রশংসা কুড়ালেও মহারাষ্ট্রের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) চলচ্চিত্র ও সংস্কৃতি বিভাগ এবং বিথাবাই নারায়ণগাঁওকরের পরিবারের সদস্যরা সিনেমাটির নাম পরিবর্তনের দাবি জানিয়েছেন।
এনসিপির মহারাষ্ট্র শাখার চলচ্চিত্র ও সংস্কৃতি বিভাগের প্রধান বাবাসাহেব পাতিলের ভাষ্য, বিথাবাই শুধু একজন শিল্পী নন, তিনি মহারাষ্ট্রের লোকসংস্কৃতি, বিশেষ করে তামাশা ও লাবণী শিল্পের অন্যতম পথিকৃৎ। তাই তার জীবন নিয়ে নির্মিত সিনেমার নামও তার নামানুসারেই হওয়া উচিত। তাদের দাবি, ‘ঈথা’ নামটি বিথাবাইয়ের অবদান ও মর্যাদাকে যথাযথভাবে তুলে ধরে না।
এই দাবির সঙ্গে একমত হয়েছেন বিথাবাইয়ের দুই ছেলে কৈলাশ ও রাজেশ নারায়ণগাঁওকর এবং নাতি মোহিত নারায়ণগাঁওকর। তাদের বক্তব্য, সিনেমাটির নাম ‘বিথাবাই’ রাখাই হবে কিংবদন্তি এই শিল্পীর প্রতি প্রকৃত সম্মান।
বিথাবাই নারায়ণগাঁওকরের জীবন ও সংগ্রামও কম আলোচিত নয়। ভারতীয় লোকশিল্পে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ১৯৫৭ ও ১৯৯০ সালে দুবার রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হন। জীবনের শেষদিকে আর্থিক সংকটে পড়লেও শিল্পচর্চা থেকে সরে আসেননি। লাবণী ও তামাশা শিল্পে তার অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
সিনেমার টিজারে বিথাবাইয়ের জীবনের একটি বহুল আলোচিত ঘটনাকে নাটকীয়ভাবে উপস্থাপন করা হয়েছে। সেখানে দেখা যায়, অন্তঃসত্ত্বা অবস্থায় মঞ্চে নৃত্য পরিবেশনের সময় তার প্রসববেদনা শুরু হয়। এরপর তিনি মঞ্চ ছেড়ে সন্তান প্রসব করেন, নিজেই নাড়ি কাটেন এবং কিছুক্ষণ পর আবার মঞ্চে ফিরে নৃত্য সম্পন্ন করেন।
তবে বাস্তব ঘটনা কিছুটা ভিন্ন ছিল বলে জানা যায়। সে সময় দর্শকরাই অনুষ্ঠান বন্ধ করে তাকে বিশ্রামের সুযোগ করে দিয়েছিলেন। নির্মাতাদের দাবি, ওই দৃশ্যের মাধ্যমে তারা মূলত বিথাবাইয়ের অদম্য মানসিক শক্তি এবং শিল্পের প্রতি তার অসীম নিবেদনকে প্রতীকীভাবে তুলে ধরতে চেয়েছেন।
চলচ্চিত্রটিতে শ্রদ্ধা কাপুরের পাশাপাশি অভিনয় করেছেন রণদীপ হুদা ও মোহাম্মদ জিশান আইয়ুব। ম্যাডক ফিল্মস প্রযোজিত সিনেমাটি আগামী ২৮ আগস্ট মুক্তির কথা রয়েছে। এরই মধ্যে টিজারে লাবণী নৃত্যশিল্পীর রূপে শ্রদ্ধা কাপুরের উপস্থিতি দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। অনেকের মতে, এটি তার অভিনয়জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হতে পারে।
তবে সিনেমার নাম নিয়ে চলমান বিতর্কের বিষয়ে এখনো পরিচালক লক্ষ্মণ উতেকর কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান ম্যাডক ফিল্মস আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। পর্যবেক্ষকদের মতে, মুক্তির আগে নাম পরিবর্তন করা হলে প্রচারণার কৌশল নতুন করে সাজাতে হতে পারে। আবার নাম অপরিবর্তিত থাকলে বিতর্ক আরও তীব্র হওয়ার সম্ভাবনাও রয়েছে।