একসময়ের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান দীর্ঘ কারাবাস শেষে যেন এক নতুন মানুষ হয়ে ফিরেছেন। শোবিজের ব্যস্ত ও আলোঝলমলে জীবন থেকে হঠাৎ কারাগারের নির্জন পরিবেশ এই অভিজ্ঞতা তার জীবনদর্শনই বদলে দিয়েছে।

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে একটি মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ১১ মাস কারাগারে ছিলেন সিদ্দিকুর রহমান। গত ১৮ মার্চ তিনি মুক্তি পান। সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি সেই সময়ের নানা অভিজ্ঞতা ও উপলব্ধির কথা তুলে ধরেন।

সিদ্দিক জানান, ২০২৫ সালের ২৯ এপ্রিল গ্রেপ্তারের পর টানা ১০ মাস ২২ দিন কারাগারে কাটান। তবে এই সময়টিকে তিনি কেবল বন্দিত্ব হিসেবে দেখেননি; বরং এটিকে আত্মশুদ্ধি ও নিজেকে নতুনভাবে আবিষ্কারের সুযোগ হিসেবে গ্রহণ করেছিলেন।

কারাগারে থাকাকালীন নিয়মিত কোরআন তিলাওয়াত এবং পাঁচ ওয়াক্ত নামাজ আদায় শুরু করেন তিনি। তার ভাষায়, এই সময়েই তিনি ধর্মীয় চর্চার প্রতি আরও মনোযোগী হন এবং ভেতর থেকে নিজেকে বদলে যেতে দেখেন।

কারাগারের দেয়ালে লেখা একটি বাক্য তাকে গভীরভাবে নাড়া দেয় রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ’। এই কথাটিই তার কাছে নতুন অর্থ নিয়ে আসে। তিনি মনে করেন, বন্দিত্বের নিরাপত্তার মধ্যেই তিনি খুঁজে পেয়েছেন আত্মিক আলোর পথ।

কারাবাস তার সৃজনশীলতাকেও থামিয়ে রাখতে পারেনি। এই সময়ের মধ্যে তিনি লিখেছেন ১৫টি নাটক, ৩টি চলচ্চিত্রের গল্প এবং নিজের জীবন ও কারাজীবনের অভিজ্ঞতা নিয়ে একটি বই।

তবে মুক্তির পরও সেই জীবনের প্রভাব এখনো রয়ে গেছে। সিদ্দিকুর রহমান জানান, শারীরিক ও মানসিকভাবে তিনি এখনও পুরোপুরি স্বাভাবিক হতে পারেননি। বর্তমানে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন এবং কারাগারে লেখা সৃষ্টিগুলো নিয়ে নতুনভাবে কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন।