দীর্ঘদিন ধরেই একমাত্র সন্তানকে ঘিরে জীবন কাটাচ্ছেন অভিনেত্রী সোহানা সাবা। ব্যক্তিগত জীবনের নানা উত্থান-পতনের পর এবার নিজের জীবনের নতুন অধ্যায়ের কথা জানালেন তিনি। প্রায় সাড়ে পাঁচ বছরের সম্পর্কের পর দেড় বছর আগেই বিয়ে করেছেন এই অভিনেত্রী। তাঁর স্বামীর নাম ফয়সাল, পেশায় তিনি একজন ব্যবসায়ী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের দাম্পত্য জীবন নিয়ে সোহানা সাবা বলেন, ‘আমার স্বামী, আমরা ভালো আছি। সাড়ে পাঁচ বছরের সম্পর্ক। বিয়ে অনেক আগে হয়েছে। দিন-তারিখ বলতে চাই না। আমার ছেলে অনেক খুশি।’

তবে স্বামী ও বিয়ের বিষয়ে বিস্তারিত কিছু জানাতে আগ্রহী নন সাবা। নতুন সংসারে ভালো থাকার কথাই জানিয়েছেন তিনি। বিশেষ করে তাঁর ছেলে এই সম্পর্ককে ইতিবাচকভাবে নিয়েছে বলেও জানান অভিনেত্রী।

একসময় নির্মাতা ও অভিনেতা মুরাদ পারভেজের সঙ্গে ঘর বেঁধেছিলেন সোহানা সাবা। প্রায় এক দশকের সেই সংসারে তাঁদের একটি সন্তান রয়েছে। ২০১৫ সালে সেই দাম্পত্য জীবনের ইতি ঘটে। এরপর একমাত্র সন্তানকে নিয়ে নিজের মতো করে জীবন এগিয়ে নেন তিনি।

বিচ্ছেদের পর নানা প্রতিকূলতা সামলে কাজ ও সন্তানকে ঘিরেই নতুন করে জীবন সাজান সাবা। এরই মধ্যে ফয়সালের সঙ্গে পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ সময়ের সেই সম্পর্কই পরিণতি পায় বিয়েতে।

বর্তমানে স্বামী ও সন্তানকে নিয়ে ভালো আছেন বলে জানিয়েছেন সোহানা সাবা। তাঁর ভাষায়, নতুন এই সম্পর্ক নিয়ে ছেলে অনেক খুশি।

টেলিভিশন নাটকের মাধ্যমে পরিচিতি পাওয়া সোহানা সাবা পরবর্তী সময়ে বড় পর্দায়ও নিজের অবস্থান তৈরি করেন। কবরীর পরিচালনায় ‘আয়না’ সিনেমার শুটিংয়ের মধ্য দিয়ে বড় পর্দায় তাঁর যাত্রা শুরু হলেও মুক্তির দিক থেকে মোরশেদুল ইসলামের ‘খেলাঘর’ ছিল তাঁর প্রথম সিনেমা। এরপর ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’, ‘বৃহন্নলা’ ও ‘অসম্ভব’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

বাংলাদেশের পাশাপাশি ভারতের সিনেমাতেও কাজ করেছেন সোহানা সাবা। দেশটির ‘ষড়্‌রিপু’ ও ‘এপার ওপার’ সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।