দেবভক্তিমূলক সিনেমা ‘হনুমান অংশ’ ভারতীয় বক্স অফিসে চলতি বছরের অন্যতম চমকপ্রদ সাফল্যের গল্প হয়ে উঠেছে। অল্প বাজেটের এই সিনেমাটি মুক্তির আগে যেমন খুব বেশি প্রযোজকের সমর্থন পায়নি, তেমনি প্রথম দুই সপ্তাহেও কোনো পরিবেশক ছবিটি নিতে আগ্রহ দেখাননি। অথচ সেই সিনেমাই এখন বক্স অফিসে ৩০০ কোটি রুপির মাইলফলক পেরিয়ে গেছে।
সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, মুক্তির ষষ্ঠ সপ্তাহেও ভারতীয় বক্স অফিসে শীর্ষ অবস্থান ধরে রেখেছে ‘হনুমান অংশ’। একই সময়ে মুক্তি পাওয়া একাধিক নতুন সিনেমাকেও পেছনে ফেলছে ছবিটি।
মাত্র ১০ লাখ রুপি আয় দিয়ে বক্স অফিস যাত্রা শুরু করেছিল ‘হনুমান অংশ’। মুক্তির প্রথম দুই সপ্তাহে সিনেমাটির আয় দাঁড়িয়েছিল মাত্র ১ কোটি ৫০ লাখ রুপিতে। এরপর দর্শকদের ইতিবাচক প্রচারণায় ধীরে ধীরে বদলে যেতে থাকে ছবিটির ভাগ্য। বাড়তে থাকে প্রেক্ষাগৃহে দর্শক উপস্থিতি ও টিকিট বিক্রি।
চতুর্থ সপ্তাহ থেকে ভারতীয় বক্স অফিসে প্রতি সপ্তাহেই ৬০ কোটি রুপির বেশি নেট আয় করেছে সিনেমাটি। মুক্তির ৪১তম দিনে বুধবার একাই ভারতে ৬ কোটি রুপি নেট আয় করে ‘হনুমান অংশ’। এতে দেশটিতে সিনেমাটির মোট নেট সংগ্রহ দাঁড়িয়েছে ২৩৭ কোটি রুপি, আর গ্রস আয় ২৮০ কোটি রুপি।
চলতি বছর ভারতে সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকায়ও জায়গা করে নিয়েছে ছবিটি। এর ওপরে রয়েছে ‘ধুরন্ধর ২’, ‘বর্ডার ২’ এবং ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’।
‘হনুমান অংশ’-এর বক্স অফিস যাত্রার আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, তুলনামূলকভাবে সাম্প্রতিক মুক্তি পাওয়া ‘মির্জাপুর দ্য মুভি’-এর তুলনায় সিনেমাটির আয় প্রায় ৫০ গুণ বেশি।
চলতি মাসের শুরুতে হোম্বালে ফিল্মস সিনেমাটির বিশ্বব্যাপী পরিবেশনা স্বত্ব কেনার পর আন্তর্জাতিক বাজারেও মুক্তি পায় ‘হনুমান অংশ’। বিদেশের বাজারে দুই সপ্তাহে সিনেমাটি এখন পর্যন্ত ২০ লাখ মার্কিন ডলার আয় করেছে। সব মিলিয়ে ৪১ দিনে বিশ্বব্যাপী ছবিটির গ্রস আয় দাঁড়িয়েছে ৩০০ কোটি রুপি।
এদিকে বক্স অফিসের এই সাফল্যের ফলে ২০২৬ সালে মুক্তি পাওয়া ভারতীয় সিনেমাগুলোর শীর্ষ আয়ের তালিকাতেও উঠে এসেছে ‘হনুমান অংশ’। বুধবার সন্ধ্যা পর্যন্ত সিনেমাটি নবম অবস্থানে ছিল।
তবে ৩০০ থেকে ৩২৫ কোটি রুপির মধ্যে থাকা কয়েকটি সিনেমার আয়ের ব্যবধান খুব কম হওয়ায় সামনে তালিকায় আরও ওপরে ওঠার সুযোগ রয়েছে ছবিটির। ‘টক্সিক’ ও ‘পেড্ডি’ সিনেমার বিশ্বব্যাপী আয় ৩৪০ কোটি রুপির কিছু বেশি। ফলে ‘হনুমান অংশ’ সেগুলোকেও পেছনে ফেলতে পারে কি না, সেটিই এখন বক্স অফিসে আগ্রহের বিষয়।
এরই মধ্যে অক্ষয় কুমারের সাম্প্রতিক সিনেমা ‘ভূত বাংলা’-এর লাইফটাইম আয়ও ছাড়িয়ে গেছে ‘হনুমান অংশ’। ‘ভূত বাংলা’ বিশ্বব্যাপী ২৫০ কোটি রুপির বেশি আয় করেছিল।
বিশাল চতুর্বেদী রচিত ও পরিচালিত ‘হনুমান অংশ’-এর গল্প লক্ষ্মীনারায়ণ নামের এক শোকাহত তরুণকে ঘিরে। মায়ের মৃত্যুর পর ঈশ্বরের সন্ধানে আধ্যাত্মিক যাত্রায় বেরিয়ে পড়ে সে।
জীবন, মৃত্যু ও মানুষের দুঃখ-কষ্টের উত্তর খুঁজতে উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে ঘুরতে ঘুরতে একসময় সে শ্রদ্ধেয় সাধক নিম করোলি বাবায় পরিণত হয়। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শোভিনাও সত্যা। আরও রয়েছেন বিহান শেডগে, চন্দন কে আনন্দ, পূর্ণিমা তিওয়ারি, অনিল রাস্তোগি, গুলশন পাণ্ডে ও ভগবানদাস প্যাটেল।