‘রামায়ণ’-এর প্রথম টিজার প্রকাশের পর থেকেই ভগবান রামের চরিত্রে রণবীর কাপুরের অভিনয় নিয়ে চলছে নানা আলোচনা। কেউ কেউ মনে করছেন, এই চরিত্রে রণবীরকে মানানসই মনে হচ্ছে না। আবার অনেকেই তার লুকের প্রশংসা করেছেন। এমন নানা প্রতিক্রিয়ার মধ্যেই রণবীরের পাশে দাঁড়িয়েছেন সিনেমাটিতে লক্ষ্মণের চরিত্রে অভিনয় করা রাভি দুবে।
‘ভ্যারাইটি ইন্ডিয়া’-কে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীরকে নিয়ে চলা সমালোচনা প্রসঙ্গে কথা বলেন রাভি। তার মতে, রণবীর একজন বড় মাপের তারকা হওয়ার পাশাপাশি অসাধারণ একজন শিল্পীও।
রাভি বলেন, ‘আমার মনে হয়, আমাদের হাতে থাকা সেরাটাই রণবীর। তিনি বিশাল মাপের একজন সুপারস্টার। তবে তার চেয়েও বেশি যে বিষয়টি আমার মনে দাগ কেটেছে, তা হলো কাছ থেকে দেখা মানুষ রণবীর এবং শিল্পী রণবীর। সেটে তিনি যে আন্তরিকতা নিয়ে আসেন, তা সত্যিই অতুলনীয়।’
রণবীরের কাজের প্রতি নিষ্ঠা, একাগ্রতা ও প্রস্তুতিরও প্রশংসা করেন রাভি। তার ভাষায়, এসব গুণের কথা আগে অনেকের কাছ থেকে শুনেছিলেন তিনি। তবে সেটে এসে সেগুলো নিজের চোখে দেখার সুযোগ পাওয়াকে নিজের সৌভাগ্য হিসেবে উল্লেখ করেছেন অভিনেতা।
শুধু পেশাগত দিক নয়, রণবীরের ব্যক্তিত্বেরও প্রশংসা করেছেন রাভি। তিনি বলেন, রণবীরের মধ্যে সহজ-সরল, উষ্ণ ও সবাইকে আপন করে নেওয়ার মতো একটি স্বভাব রয়েছে। মানুষের সঙ্গে মেলামেশার সময় তার তারকাখ্যাতির কোনো ভার অনুভব করা যায় না বলেও জানান তিনি।
এর আগে রণবীর নিজেই নিশ্চিত করেছিলেন, ‘রামায়ণ’-এ তাকে ভগবান রাম ও ভগবান পরশুরামের দ্বৈত চরিত্রে দেখা যাবে। ‘কলাইডার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ভগবান বিষ্ণুর বিভিন্ন অবতারের মধ্যে ভগবান রাম ও ভগবান পরশুরামও রয়েছেন। একই সিনেমায় দুটি চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়াকে বিশেষ অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন অভিনেতা।
নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ তৈরি হচ্ছে মহর্ষি বাল্মীকির প্রাচীন সংস্কৃত মহাকাব্য অবলম্বনে। অযোধ্যার রাজপুত্র ভগবান রামের জীবন ও নানা পরীক্ষার কাহিনি উঠে আসবে সিনেমাটিতে।
রণবীর কাপুর ও সাই পল্লবীর সঙ্গে এতে অভিনয় করছেন রাভি দুবে, সানি দেওল, যশ, অনুপম খের, কাজল আগরওয়াল, রাকুল প্রীত সিং, বিবেক ওবেরয়, কুণাল কাপুর, আদিনাথ কোঠারে, অরুণ গোভিল, ইন্দিরা কৃষ্ণন ও লারা দত্তা। রাভি দুবের বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে এই সিনেমার মাধ্যমে। পাশাপাশি যশেরও হিন্দি সিনেমায় অভিষেক হবে।
নমিত মালহোত্রা ও যশের প্রযোজনায় প্রাইম ফোকাস স্টুডিওস, মনস্টার মাইন্ড ক্রিয়েশনস ও ডিএনইজি-এর ব্যানারে নির্মিত হচ্ছে ‘রামায়ণ’। সিনেমাটি দুই পর্বে মুক্তি পাওয়ার কথা রয়েছে। প্রথম পর্ব ২০২৬ সালের দীপাবলিতে এবং দ্বিতীয় পর্ব ২০২৭ সালের দীপাবলিতে মুক্তির পরিকল্পনা রয়েছে।