টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু দীর্ঘ ২৭ বছরের ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছেন। বড় পর্দাতেও কাজ করলেও তা ছিল সীমিত পরিসরে। টেলিভিশন নাটকে ব্যস্ততার কারণে মূলধারার সিনেমায় নিয়মিত হওয়ার সুযোগ হয়ে ওঠেনি তার।

বর্তমানে অভিনয় থেকে কিছুটা দূরে রয়েছেন শিমু। তবে দর্শকদের ভালোবাসা ও জনপ্রিয়তা এখনও অটুট। জানা গেছে, নিজের প্রতিষ্ঠানের মাধ্যমে নারী কল্যাণে উন্নয়নকর্মী হিসেবে কাজ করছেন তিনি।

সম্প্রতি রুম্মান রশীদ খানের একটি পডকাস্টে অংশ নিয়ে মাতৃত্ব, যমজ সন্তানের মা হওয়ার অভিজ্ঞতা এবং সেই সময়ের নানা চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন এই অভিনেত্রী।

প্রথমবার মা হওয়ার অনুভূতি প্রসঙ্গে শিমু বলেন, মাতৃত্বের সংগ্রাম তার কল্পনারও বাইরে ছিল। নতুন মায়েরা তার অনুভূতির সঙ্গে সহজেই নিজেদের মিল খুঁজে পাবেন বলেও মন্তব্য করেন তিনি। সন্তান জন্মের আগে সারাক্ষণ এক ধরনের ভয় ও উদ্বেগ কাজ করত বলে জানান অভিনেত্রী।

যমজ সন্তান ধারণ করায় চিকিৎসকদের কাছ থেকেও বিশেষ সতর্কতার পরামর্শ পেয়েছিলেন তিনি। সেই সময়ের কথা স্মরণ করে শিমু বলেন, অনেকেই সন্তান জন্মের আগেই নাম ঠিক করে রাখেন, কিন্তু তিনি ভয়ের কারণে তা করেননি। তার ভাবনা ছিল, আগে সন্তান সুস্থভাবে পৃথিবীতে আসুক, এরপর সবকিছু ঠিক করবেন।

শুধু তাই নয়, সন্তানদের জন্মের পরও প্রায় তিন মাস তাদের নাম রাখেননি বলে জানান শিমু। তার ভাষায়, মা হওয়ার পর একজন নারীর জীবন কতটা বদলে যেতে পারে, তা আগে কখনও উপলব্ধি করেননি।

প্রথমবার মা হওয়ার পাশাপাশি যমজ সন্তানের দায়িত্ব সামলানোও ছিল বেশ কঠিন। শিমু বলেন, যেহেতু দুটি সন্তান একসঙ্গে ছিল, তাই সংগ্রামও ছিল দ্বিগুণ। প্রথম কয়েক মাস কোনো শিশুই ঠিকমতো ঘুমাত না। একজনকে ঘুম পাড়িয়ে শুইয়ে দিলে অন্যজন কান্না শুরু করত। এভাবেই কেটেছে তার মাতৃত্বের শুরুর দিনগুলো।