এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল বর্তমানে দর্শকদের কাছে নিজের নামের চেয়েও বেশি পরিচিত হয়ে উঠেছেন ‘সায়রা’ নামে। জনপ্রিয় ধারাবাহিক নাটক এটা আমাদেরই গল্পএ ‘সায়রা’ চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি।
শনিবার রাতে নাটকটির সাফল্য উদ্যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা। সেখানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সুনেরাহ জানান, দর্শকরা তাকে এখন প্রায় সবাই ‘সায়রা’ নামেই ডাকেন।
অভিনেত্রীর ভাষায়, “সত্যিই আমি যেখানেই যাই, সবাই সায়রা বলে ডাকে। কয়েক দিন আগে এক আন্টিও আমাকে সায়রা বলে ডাকলেন। আমি বললাম, আন্টি আমার নাম তো সুনেরাহ। তখন তিনি বললেন, ‘না না, আমি তোমাকে সায়রা বলেই ডাকব।’ এমন ঘটনা প্রায়ই ঘটছে।”
দর্শকদের কাছ থেকে চরিত্রের নামে পরিচিতি পাওয়াকে নিজের অভিনয়জীবনের বড় অর্জন হিসেবে দেখছেন তিনি। সুনেরাহ বলেন, দর্শকরা সায়রাকে নিজেদের পরিবারের একজন সদস্যের মতো গ্রহণ করেছেন, যা একজন অভিনেত্রীর জন্য সবচেয়ে বড় স্বীকৃতিগুলোর একটি।
তিনি আরও বলেন, “দর্শক আমাকে যেভাবে সায়রা হিসেবে ভালোবেসেছেন, নিজের পরিবারের সায়রা মনে করেছেন, সেটা আমার জন্য অনেক বড় সাফল্য ও প্রাপ্তি।”
সাকসেস পার্টিতে উপস্থিত ছিলেন নাটকটির নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, অভিনেতা ইরফান সাজ্জাদ, খায়রুল বাসার এবং অভিনেত্রী কেয়া পায়েল-সহ আরও অনেকে।
উল্লেখ্য, গত ৮ মে ‘এটা আমাদেরই গল্প’ নাটকের শেষ পর্ব প্রচারিত হয়েছে। তবে দর্শকপ্রিয় এই ধারাবাহিকের নতুন কোনো সিজন আসবে কি না, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি নির্মাতারা।