মিস ইউনিভার্স বাংলাদেশ খেতাব জিতে আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করা তানজিয়া জামান মিথিলা এখন আর শুধু র‍্যাম্প আর মুকুটের গল্পে সীমাবদ্ধ নন। সম্প্রতি একটি জনপ্রিয় পডকাস্টে অতিথি হয়ে তিনি প্রথমবারের মতো খোলামেলা কথা বলেছেন নিজের অতীত ও বর্তমান প্রেমের অভিজ্ঞতা নিয়ে। সেই সঙ্গে দিয়েছেন বড় পর্দায় নায়িকা হিসেবে আত্মপ্রকাশের ইঙ্গিত।

থাইল্যান্ডে অনুষ্ঠিত ‘মিস ইউনিভার্স ২০২৫’ প্রতিযোগিতায় সেরা ৩০-এর মধ্যে ১২তম স্থান অর্জন করা এই তারকা জানান, সিনেমা নিয়ে সব আলোচনা ইতোমধ্যে চূড়ান্ত। আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে তিনি আশা করছেন।

এর আগে ওটিটির জন্য নির্মিত ‘রোহিঙ্গা’ সিনেমায় কাজ করলেও অভিনয়শিল্পী হিসেবে নিজেকে আরও ভাঙতে চান মিথিলা। পডকাস্টে নিজের সীমাবদ্ধতা স্বীকার করে তিনি বলেন, একজন অভিনেত্রী হিসেবে তাঁর শেখার এখনও অনেক কিছু বাকি। নাচের ক্ষেত্রে নায়িকাদের মতো দক্ষ নন উল্লেখ করে জানান, অভিনয়ের জন্য যা জানা প্রয়োজন, তা শেখার আগ্রহ ও প্রস্তুতি তাঁর রয়েছে।

মডেলদের অভিনয় দক্ষতা নিয়ে প্রচলিত ধারণা প্রসঙ্গে মিথিলা বলেন, অনেকেই মনে করেন মডেলরা অভিনয় পারেন না। কিন্তু আজ যারা প্রতিষ্ঠিত অভিনেত্রী, তাঁদের অনেকেই শুরুতে অভিনয়ে পারদর্শী ছিলেন না। সময়, পরিশ্রম আর লেগে থাকার মাধ্যমেই তাঁরা নিজেদের জায়গা তৈরি করেছেন। একইভাবে মডেলরাও চেষ্টা চালিয়ে গেলে ভালো অভিনেত্রী হতে পারেন বলে বিশ্বাস তাঁর।

জেড আই ফয়সাল প্রযোজিত এবং রুম্মান রশীদ খানের সঞ্চালনায় পডকাস্টের এই পর্বটি প্রচারিত হবে আগামী শনিবার, ৭ ফেব্রুয়ারি রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ।