অভিনেত্রী তানজিকা আমিন ব্যক্তিজীবন নিয়ে সাধারণত খুব একটা প্রকাশ্যে কথা বলেন না। তবে সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি নিজের প্রথম প্রেম এবং অতীতের সম্পর্ক নিয়ে অকপটে স্মৃতিচারণ করেছেন।
তানজিকা আমিন জানান, তার জীবনে প্রেমের সংখ্যা খুব বেশি নয়। কিন্তু প্রতিটি সম্পর্কই ছিল দীর্ঘস্থায়ী এবং গভীর। তার ভাষায়, "আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি।"
অভিনেত্রী জানান, তার প্রথম প্রেমের সূচনা হয়েছিল রাজশাহীতে, যখন তিনি নবম শ্রেণিতে পড়তেন। 'অমিত' নামের এক তরুণের সঙ্গে টানা চার বছর সম্পর্কে ছিলেন তিনি। ল্যান্ডফোনের সেই সময়ে ঘণ্টার পর ঘণ্টা কথা বলা আর দীর্ঘ চিঠি লেখাই ছিল তাদের ভালোবাসা প্রকাশের প্রধান মাধ্যম।
সেই দিনগুলোর স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, টিউশনের জন্য পাওয়া টাকা বাঁচিয়ে তারা একে অপরকে ছোট ছোট উপহার দিতেন। কখনও আবার মাত্র ২০ টাকার বাজেটে কোক আর ফ্রেঞ্চ ফ্রাই খেয়েই আনন্দে সময় কাটাতেন।
ফোনে দীর্ঘক্ষণ কথা বলার কারণে একসময় বড় অঙ্কের টেলিফোন বিলও এসেছিল। আর সে জন্য মায়ের বকুনি, এমনকি মারও খেতে হয়েছিল তাকে। স্কুল ও কোচিং ফাঁকি দিয়ে পদ্মার পাড়ে ঘুরতে যাওয়ার স্মৃতিও এখনও তার মনে উজ্জ্বল।
মজার ছলে তানজিকা আমিন আরও জানান, তার প্রথম প্রেমিক নাকি এখনও অবিবাহিত। পুরোনো দিনের সেই সরল প্রেমের স্মৃতি আজও তাকে নস্টালজিক করে তোলে।