হলিউডের জমকালো এক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করতে যাচ্ছেন বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট। আগামী ১৭ অক্টোবর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অ্যাকাডেমি মিউজিয়াম অব মোশন পিকচার্সের ষষ্ঠ বার্ষিক ‘অ্যাকাডেমি মিউজিয়াম গালা’য় মঞ্চে উঠবেন এই মার্কিন গায়িকা। তাঁর পরিবেশনার মধ্য দিয়েই শেষ হবে তারকাখচিত এই আয়োজন।
বিশ্ব চলচ্চিত্রের তিন বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মান জানাতে আয়োজন করা হয়েছে এবারের গালা। গত বৃহস্পতিবার অনুষ্ঠানটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে অ্যাকাডেমি মিউজিয়াম কর্তৃপক্ষ।
এ বছরের আয়োজনে সম্মাননা জানানো হবে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও সুরকার জন কার্পেন্টার, অস্কার মনোনীত অভিনেতা কোলম্যান ডমিঙ্গো এবং অস্কারজয়ী অভিনেত্রী চার্লিজ থেরনকে। চলচ্চিত্র অঙ্গনে তাঁদের অবদান উদ্যাপনের পাশাপাশি সিনেমার শিল্প ও ঐতিহ্য সংরক্ষণের গুরুত্বও তুলে ধরবে অনুষ্ঠানটি।
গালায় টেইলর সুইফটের অংশগ্রহণ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে অ্যাকাডেমি মিউজিয়াম কর্তৃপক্ষ। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সুইফট অসাধারণ প্রতিভার অধিকারী একজন শিল্পী, যাঁর সৃষ্টিকর্ম বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তকে মুগ্ধ করে। এবারের গালায় তাঁকে স্বাগত জানাতে পেরে কর্তৃপক্ষ আনন্দিত।
চলচ্চিত্রশিল্পকে উদ্যাপন ও সংরক্ষণের পাশাপাশি তিন বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্বকে সম্মান জানানোর এই বিশেষ সন্ধ্যার সমাপ্তি ঘটবে টেইলর সুইফটের সংগীত পরিবেশনার মধ্য দিয়ে। ফলে এবারের আয়োজনে চলচ্চিত্র ও সংগীতের মেলবন্ধন ঘিরে দর্শক ও ভক্তদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।