প্রায় ছয় মাস বিলম্বের পর অবশেষে মুক্তির পথে এগোচ্ছে তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়গন’। ভারতীয় সংবাদমাধ্যম স্ক্রিনের বরাত দিয়ে জানা গেছে, ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) ছবিটি পর্যালোচনা শেষে নির্মাতাদের কাছে কিছু সংশোধনের তালিকা পাঠিয়েছে। এসব পরিবর্তন সম্পন্ন হলে জুলাইয়ের শেষ সপ্তাহ কিংবা আগস্টের প্রথম সপ্তাহে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে। তবে বিভিন্ন দৃশ্য ও প্রেক্ষাপটের কারণে ছবিটি ‘এ’ (অ্যাডাল্ট ওনলি) বা প্রাপ্তবয়স্কদের জন্য সনদ পেতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।
ছবির প্রযোজনা প্রতিষ্ঠান কেভিএন প্রোডাকশনসের সুপ্রিথ মোহনও একই সময়সূচির ইঙ্গিত দিয়ে জানিয়েছেন, জুলাইয়ের শেষ সপ্তাহ বা আগস্টের প্রথম সপ্তাহকে লক্ষ্য করেই বর্তমানে জোরকদমে সম্পাদনা ও ডাবিংয়ের কাজ চলছে। সব ঠিক থাকলে আগামী সপ্তাহের মধ্যেই ডাবিংয়ের কাজ শেষ হবে।
রাজনৈতিক ড্রামা ঘরানার এই সিনেমাটি প্রথমে ২০২৬ সালের ৯ জানুয়ারি, পঙ্গল উৎসব উপলক্ষে মুক্তি পাওয়ার কথা ছিল। ছবিটির রাজনৈতিক প্রেক্ষাপট এবং মূল চরিত্রে তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী ও অভিনেতা বিজয়ের উপস্থিতি দুইয়ে মিলে দর্শক ও ভক্তদের মাঝে এটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়। ২০২৪ সালে নিজের রাজনৈতিক দল গঠনের পর বিজয় রাজনীতিতে সক্রিয় হন এবং পরবর্তীতে নির্বাচনে জয়ী হয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। ফলে, তাঁর রাজনৈতিক জীবন শুরুর পর অভিনেতা হিসেবে ‘জন নায়গন’ ই হতে যাচ্ছে তাঁর শেষ চলচ্চিত্র।
এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে সিবিএফসির পরীক্ষক কমিটি কয়েকটি কাটছাঁটের শর্তে ছবিটিকে ‘ইউ/এ’ সনদ দেওয়ার সুপারিশ করেছিল এবং নির্মাতারা সেই অনুযায়ী পরিবর্তন করে পুনরায় জমাও দিয়েছিলেন। তবে চলতি বছরের ৫ জানুয়ারি আকস্মিকভাবে নির্মাতাদের জানানো হয়, ছবির কিছু দৃশ্য ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে এবং সশস্ত্র বাহিনীকে আপত্তিকরভাবে উপস্থাপন করেছে এমন কিছু অভিযোগ আসায় ছবিটি পুনর্বিবেচনা কমিটির কাছে পাঠানো হয়েছে। এই সেন্সর-প্রক্রিয়া চলাকালীনই গত এপ্রিল মাসে ছবিটির কিছু অংশ অনলাইনে ফাঁস হয়ে গেলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়, যার প্রেক্ষিতে পরবর্তীতে ১৬ জনকে গ্রেপ্তার করে তামিলনাড়ু সাইবার ক্রাইম শাখা।
এইচ বিনোধের পরিচালনায় এই সিনেমায় বিজয়ের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন পূজা হেগড়ে। এ ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে গৌতম মেনন, প্রিয়া ভবানী শংকর ও যোগী বাবুকে।