চলতি ২০২৬ সালের প্রথম সাত মাসেই বিশ্ব বক্স অফিসে বিভিন্ন ঘরানার সিনেমার মধ্যে এক জমজমাট লড়াই দেখা গেছে। এই সময়ের মধ্যে ৩টি সিনেমা ১ বিলিয়ন ডলার আয়ের মাইলফলক স্পর্শ করেছে এবং তালিকার শীর্ষ ৭টি সিনেমা আয়ের দিক থেকে বেশ দাপট দেখিয়েছে।

১. টয় স্টোরি ৫ (Toy Story 5):

গত ১৯ জুন মুক্তি পেয়ে চলতি বছরের প্রথম সিনেমা হিসেবে ১ বিলিয়ন ডলার আয়ের রেকর্ড গড়ে এটি। বর্তমানে সিনেমাটির মোট আয় ১.২৫ বিলিয়ন ডলার (আন্তর্জাতিক বাজার থেকে ৫৭৫ মিলিয়ন ও দেশীয় বাজার থেকে ৪৫০ মিলিয়ন ডলার)। অ্যান্ড্রিউ স্ট্যানটন পরিচালিত পিক্সারের এই অ্যানিমেশন ফ্র্যাঞ্চাইজিতে খেলনাগুলোর লড়াই এবার আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল বিনোদনের বিরুদ্ধে।

২. মাইকেল (Michael):

পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন ও সংগীত নিয়ে নির্মিত এই বায়োপিক বিশ্বজুড়ে ১.১৬ বিলিয়ন ডলার আয় করেছে। আঁতোয়ান ফুকোয়া পরিচালিত এই চলচ্চিত্রে মাইকেলের চরিত্রে অভিনয় করেছেন তাঁরই ভাতিজা জাফর জ্যাকসন। এটি সর্বকালের সর্বোচ্চ আয় করা সংগীতভিত্তিক বায়োপিকের স্বীকৃতি পেয়েছে।

৩. দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি (The Super Mario Galaxy Movie):

এপ্রিলে মুক্তি পেয়ে ১.১২ বিলিয়ন ডলার আয় করে বিলিয়ন ডলার ক্লাসে জায়গা করে নিয়েছে এটি। অ্যারন হরভাথ ও মাইকেল জেলেনিক পরিচালিত এই সিনেমায় কিংডম ছেড়ে মহাকাশ অভিযানে বের হওয়া মারিওর রোমাঞ্চকর সফর তুলে ধরা হয়েছে।

৪. দ্য ডেভিল ওয়ার্স প্রাডা ২ (The Devil Wears Prada 2):

দুই দশক পর মে মাসে মুক্তি পাওয়া জনপ্রিয় ফ্যাশন ড্রামার এই সিক্যুয়েলটি এখন পর্যন্ত ৬৯০.৯ মিলিয়ন ডলার আয় করেছে। বদলে যাওয়া ফ্যাশন দুনিয়া ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে তৈরি ছবিটিতে অভিনয় করেছেন মেরিল স্ট্রিপ, অ্যান হ্যাথাওয়ে ও এমিলি ব্লান্ট।

৫. প্রজেক্ট হেইল মেরি (Project Hail Mary):

মার্চে মুক্তি পাওয়া রায়ান গসলিং অভিনীত এই মহাকাশ কল্পকাহিনিভিত্তিক সিনেমাটির আয় ৬৮৪ মিলিয়ন ডলার। ফিল লর্ড ও ক্রিস্টোফার মিলার পরিচালিত ছবিটিতে পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষার এক বিজ্ঞানীর অনন্য লড়াই ফুটিয়ে তোলা হয়েছে।

৬. দ্য অডিসি (The Odyssey):

হোমারের মহাকাব্য অবলম্বনে ক্রিস্টোফার নোলানের নির্মিত এই ছবিটি ১৭ জুলাই মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে। ম্যাট ডেমন, অ্যান হ্যাথাওয়ে, রবার্ট প্যাটিনসন ও টম হল্যান্ড অভিনীত এই ছবিটির আয় ইতিমধ্যে ৬৬৬ মিলিয়ন ডলার ছাঁড়িয়েছে এবং বিশ্লেষকদের ধারণা শিগগিরই এটি বিলিয়ন ডলারের ক্লাবে প্রবেশ করবে।

৭. পেগাসাস ৩ (Pegasus 3):

তালিকার একমাত্র হলিউডের বাইরের ছবি এটি। চীনা স্পোর্টস কমেডি ও রেসিং ফ্র্যাঞ্চাইজির এই সিনেমাটি বিশ্বব্যাপী ৬৫৬ মিলিয়ন ডলার আয় করেছে, যার সিংহভাগই এসেছে আন্তর্জাতিক বাজার থেকে।