কন্নড় সুপারস্টার ইয়াশ অভিনীত বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘টক্সিক’-এর নতুন টিজার প্রকাশের পর থেকেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। ‘লেডিস অ্যান্ড লেডিস’ শিরোনামের এই বিশেষ প্রমোটি সিনেমার নারী চরিত্রগুলোর সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যে প্রকাশ করা হলেও, মুক্তির পরই এটি সমালোচনার মুখে পড়েছে।
বুধবার প্রকাশিত টিজারে নয়নতারা, কিয়ারা আদভানি, হুমা কুরেশি, তারা সুতারিয়া এবং রুক্মিণী বসন্তকে দেখা যায়। তবে অনেক দর্শকের অভিযোগ, চরিত্রগুলোর ব্যক্তিত্ব, গল্পে ভূমিকা বা সংলাপ তুলে ধরার পরিবর্তে তাদের অতিরিক্ত গ্ল্যামারাস ও যৌন আবেদনময়ীভাবে উপস্থাপন করা হয়েছে।
টিজার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেক ব্যবহারকারীর মতে, নারী চরিত্রকেন্দ্রিক একটি প্রচারণামূলক ভিডিওতে তাদের গল্প বা চরিত্রের গভীরতার পরিবর্তে শুধু বাহ্যিক উপস্থিতিকেই গুরুত্ব দেওয়া হয়েছে।
কিছু নেটিজেন আরও কঠোর ভাষায় টিজারটির সমালোচনা করে এটিকে ‘এই দশকের সবচেয়ে অশালীন প্রচারণাগুলোর একটি’ বলে মন্তব্য করেছেন। কেউ কেউ ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ডের কাছে সিনেমাটির মুক্তি আটকে দেওয়ার দাবিও তুলেছেন। পাশাপাশি একজন নারী নির্মাতা হিসেবে গীতু মোহনদাস কেন এমন উপস্থাপনা বেছে নিয়েছেন, সে প্রশ্নও তুলেছেন অনেকে।
সমালোচনার বড় অংশ কেন্দ্রীভূত হয়েছে টিজারের শেষ দৃশ্যকে ঘিরে। অনেক দর্শকের দাবি, সেখানে নারী চরিত্রগুলোকে ‘মেল গেজ’ বা পুরুষকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিতে ক্যামেরাবন্দি করা হয়েছে, যা তাদের কাছে অপ্রয়োজনীয় ও কুরুচিপূর্ণ মনে হয়েছে।
বিতর্ক ছড়িয়ে পড়েছে অনলাইন আলোচনা প্ল্যাটফর্ম রেডিটেও। সেখানে অনেক ব্যবহারকারী লিখেছেন, সিনেমাটি প্রাপ্তবয়স্ক দর্শকদের জন্য নির্মিত হওয়ায় পরিণত বিষয়বস্তু নিয়ে তাদের আপত্তি নেই। তবে নারী চরিত্রগুলোর উপস্থিতি মাত্র কয়েক সেকেন্ডে সীমাবদ্ধ রাখা এবং তাদের গল্প বা ব্যক্তিত্ব সম্পর্কে কোনো ইঙ্গিত না দেওয়ায় তারা হতাশ।
একাধিকবার মুক্তির তারিখ পরিবর্তনের পর ‘টক্সিক’ আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। গীতু মোহনদাস পরিচালিত সিনেমাটি ভেঙ্কট কে. নারায়ণ ও ইয়াশের প্রযোজনায় কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত হয়েছে। পরে এটি হিন্দি, তেলুগু, তামিল ও মালয়ালম ভাষায় ডাব করে বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হবে।
তবে টিজার ঘিরে সমালোচনা বাড়লেও এ বিষয়ে এখন পর্যন্ত নির্মাতা বা প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।